প্রেম, ছলনা ও পারিবারিক সিদ্ধান্তের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার মায়া’। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান। নাটকটিতে অভিনয় করেছেন আখম হাসান, পুনম হাসান জুঁই, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইনসহ আরও অনেকে।
নাটকটি প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, প্রেমের অনুভূতি মানুষকে কখনো সাহসী করে, আবার কখনো নিজের মনের কথা আড়াল করতে গিয়ে জটিল পরিস্থিতিতে ফেলে দেয়। সম্পর্কের সত্যতা যাচাই না করে আবেগের ওপর নির্ভর করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ‘ভালোবাসার মায়া’ নাটকে হাস্যরস ও নাটকীয়তার মধ্য দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
গল্পে যা থাকছে, প্রভাবশালী ব্যবসায়ী রাশেদ করিমের ছেলে আরিয়ান। পরিবারের সবার কাছে সে শান্ত ও দায়িত্বশীল হলেও নিজের পছন্দ-অপছন্দ প্রকাশের ক্ষেত্রে বেশ দ্বিধাগ্রস্ত। এলাকার সুন্দরী তরুণী সানজিদাকে তার ভালো লাগে। কিন্তু লাজুক স্বভাবের কারণে সানজিদাকে নিজের মনের কথা বলতে পারে না আরিয়ান।
বিষয়টি বুঝতে পেরে আরিয়ানের সঙ্গে মজা করতে শুরু করে সানজিদা। প্রথম দিকে নিছক মজা করার উদ্দেশ্যেই প্রেম নিয়ে নানা কথাবার্তা বলে সে। তবে সানজিদার এই ছলচাতুরি বুঝতে পারে না আরিয়ান। হঠাৎ একদিন আরিয়ান জানতে পারে, অনেক আগেই সানজিদার বিয়ে ঠিক হয়ে আছে। পাত্র অস্ট্রেলিয়ার গ্রিনকার্ডধারী। সানজিদার মুখে অনায়াসে এসব কথা শোনার পর আরিয়ানের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
বিষয়টির সত্যতা জানতে সানজিদার বাড়িতে ছুটে যায় আরিয়ান। সেখানে সানজিদার মা জানান, প্রায় দুই বছর আগেই বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। এ কথা শুনে আরও ভেঙে পড়ে আরিয়ান। সবকিছু ভুলে নতুন জীবন শুরু করতে চায় সে। কিন্তু কিছুতেই নিজেকে সামলে উঠতে পারে না। নিজের সঙ্গে লড়াই করাই যেন তার একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। তবুও কোনো কিছুতেই মন বসাতে পারে না আরিয়ান।
এদিকে সানজিদার কাছে প্রতিনিয়ত পৌঁছাতে থাকে আরিয়ানের ভেঙে পড়া জীবনের খবর। প্রথম দিকে বিষয়গুলো হাসি-তামাশায় উড়িয়ে দিলেও একসময় আরিয়ানের প্রতি মায়া তৈরি হয় সানজিদার মনে। হাস্যরস, প্রেম, ছদ্মবেশ ও পারিবারিক টানাপোড়েনের মিশেলে নির্মিত নাটক ‘ভালোবাসার মায়া’ শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
