রাজধানী হাজারীবাগের বটতলা মাজার এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভিন আক্তার (৫০) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও মোছা. ফরিদা বেগম (৪০) নামের দুজন নারী দগ্ধ হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে গেলে ফরিদা বেগমকে ভর্তি রাখা হয় ও ফাতেমা আক্তার ঊর্মিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
তাদের নিয়ে আসা দগ্ধ ফরিদার ছেলে রুবেল বলেন, হাজারীবাগের বটতলা মাজার এলাকায় অষ্টমতলা বাসার দ্বিতীয় তলায় আমার মা ফরিদা বেগম আরবি পড়তো। আজ এমনিতেই আমার মা সেখানে বেড়াতে যায়। ওই সময় পারভীন আক্তার রান্নাঘরে ছিল। তখন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়।
তিনি আরও বলেন, আমার মায়ের অবস্থা খুব খারাপ। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আমাদের বাসা হাজারীবাগের বটতলার মাজার এলাকায়।
ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, হাজারীবাগ থেকে আমাদের এখানে দুইজন এসেছে, তাদের মধ্যে ফাতেমা আক্তার ঊর্মীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি ও ফরিদা বেগমকে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এখন তার ড্রেসিং চলছে। কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনও বলা যাচ্ছে না।
