দিনাজপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ারে চাকুরী মেলা।
চাকরির আশায় ভিড় করেছেন প্রায় ২০ হাজার তরুণ-তরুণী। দেশি-বিদেশি প্রায় ৮০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মেলায় চাকরিপ্রার্থীরা সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পান। আগে থেকেই নিবন্ধন করেন ১৬ হাজার ৩ জন চাকরিপ্রার্থী। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলের শিক্ষিত ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’ অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলার লক্ষ্য ছিল চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরি, তাৎক্ষণিক সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগের সুযোগ সৃষ্টি এবং কর্মসংস্থান উপযোগী দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা দেওয়া।
মেলায় আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থার মধ্যে ইউনিসেফ, ডব্লিউএফপি, কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস অংশ নেয়। এ ছাড়া প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপসহ দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।
ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাত থেকে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউসিবি ব্যাংক অংশ নেয়। ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস ও নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও মেলায় অংশ নেয়।
মেলায় চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি অভিজ্ঞ পরামর্শকেরা চাকরির বাজারের চাহিদা, ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত প্রস্তুতি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে পরামর্শ দেন। এর ফলে স্থানীয় চাকরিপ্রার্থীরা এক জায়গায় বিভিন্ন খাতের নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।
এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর হোসেন, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন, জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, দিনাজপুরে প্রথমবারের মতো এ ধরনের জব ফেয়ার আয়োজন স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এ উদ্যোগের মাধ্যমে দিনাজপুর জেলাসহ উত্তরাঞ্চলের যুবসমাজকে কর্মমুখী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রত্যাশা করছেন তাঁরা।
