গাজীপুরের শ্রীপুরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উদ্যোগে ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির বেশি কৃষি প্রযুক্তি ও ৯৭টি উন্নত ফসলের জাত সম্প্রসারণের মাধ্যমে আদর্শ কৃষিনির্ভর গ্রাম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। এ উপলক্ষে স্থানীয়দের মধ্যে ৮০০টি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
কৃষি গবেষণার সুফল সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির প্রসারে গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনী ভাংগায় ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির বেশি কৃষি প্রযুক্তি ও ৯৭টি উন্নত ফসলের জাত মাঠপর্যায়ে প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে আদর্শ কৃষিনির্ভর গ্রাম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। এ উপলক্ষে স্থানীয়দের মধ্যে ৮০০টি ফলদ ও ভেষজ গাছের চারাও বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বদনী ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং সম্মানিত অতিথি গাকৃবি ভিসি অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান যৌথভাবে প্রযুক্তি গ্রামের উদ্বোধন করেন। পরে তাঁরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে ভিসি বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও উন্নত ফসলের জাতের প্রকৃত সার্থকতা তখনই, যখন তা কৃষকের মাঠে পৌঁছে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে। গাকৃবির উদ্ভাবনগুলো মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া, কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং স্থানীয় কৃষি সমস্যার বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যেই প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে কৃষক, খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং গবেষক-কৃষকের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।
প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের কৃষিকে সমৃদ্ধ ও উৎপাদনশীল করতে আধুনিক, বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিনির্ভর কৃষির বিকল্প নেই। গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে বদনী ভাংগা থেকে এ উদ্যোগের সুফল আশপাশের গ্রামসহ পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এতে কৃষকের উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।
বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা। রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী।
এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা স্থানীয়দের হাতে ফলদ ও ভেষজ গাছের চারা তুলে দেন।
