পেটের তাগিদে মালদা থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে গিয়েছিলেন দুই ভাই। দেড় মাস ধরে তাঁদের কোনও খোঁজ নেই বলে দাবি পরিবারের। কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকেরা। পরিবারের দাবি, বাড়ি ফেরার পথে অন্ধ্রপ্রদেশের একটি রেলস্টেশন থেকে নিখোঁজ হয়ে যান দুই ভাই। তাদের নিখোঁজ হওয়া ঘিরে চরম উদ্বেগে রয়েছে পরিবার। দুই ছেলের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন মা। ঘটনাটি রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের কসবা গ্রামের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই শ্রমিক শেখ সোহেল ও শেখ চাঁদ দুই ভাই। প্রায় তিন মাস আগে স্থানীয় এক ঠিকাদারের মাধ্যমে ছোট ভাই শেখ চাঁদ শ্রমিকের কাজে অন্ধ্রপ্রদেশের পলাশ থানা এলাকায় যান। সেখানে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজে যুক্ত ছিলেন তিনি। পরে, ভাইয়ের কাছে যান শেখ সোহেল।
পরিবারের দাবি, কাজ ভালো লাগছিল না বলে বাড়ি ফেরার পরিকল্পনা করেন সোহেল, চাঁদ। গত ১১ অক্টোবর ট্রেনে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু অন্ধ্রপ্রদেশের ইচ্ছাপুরম স্টেশনে পৌঁছনোর পরে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান দুই ভাই।
পরিবারের দাবি, স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে সেখান থেকে কয়েকজন ব্যক্তি চার চাকার গাড়িতে দুই ভাইকে নিয়ে যায়। তার পরে থেকে তাঁদের আর কোনও খোঁজ মেলেনি। এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের পলাশ থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা। বাড়ির দুই ছেলে এ ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় দিশেহারা পরিবার।