গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক গুণাবলি অর্জনের লক্ষ্যে তিন দিনব্যাপী সপ্তম কাব ক্যাম্পুরি-২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বালাডাঙ্গা শেখ মোহাম্মদ মুসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পুরির আনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, কাব ক্যাম্পুরির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতার মনোভাব, বুদ্ধিমত্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হবে। এ ধরনের আয়োজন শিশুদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন ও উপজেলা কাব স্কাউটের সভাপতি কমলেশ চন্দ্রসহ অন্য বক্তারা শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, হাবিবুর রহমান মুন্সী, জীবনকৃষ্ণ চৌকিদার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট প্রতিনিধিরা।
আয়োজকেরা জানান, টুঙ্গিপাড়া উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়জন করে কাব স্কাউট ও একজন করে শিক্ষক প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। ২৭ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন ২৯ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
জেএইচআর
