ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা আয়োজিত রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগের শিরোপা অক্ষুন্ন রেখেছে মাঝিরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় বাদশা মিয়া স্মৃতি সংসদ ১০৪ রানের বিশাল ব্যবধানে শতাব্দী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টসে হেরে ব্যাট করতে নামা বাদশা মিয়া স্মৃতি সংসদ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১২ রান সংগ্রহ করে। দলের উদ্বোধনী ব্যাটার ইমন চৌধুরী ৫৪ বলে ৫টি চার এবং ১১টি ছক্কার সাহায্যে ১০৫ রান করেন। এছাড়া রুমিন ২৪ বলে ৪৩, ইকবাল ২১ বলে ২৫ এবং অনুরাগ ১০ বলে করে ১৮ রান।
জবাবে ব্যাট করতে নামা শতাব্দী ক্রিকেট একাডেমি ১৭.১ ওভারে ১১৩ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ওপেনার শামীন হোসেন ৩১ বলে ৪০, প্রাঞ্জল দাশ ১৬ বলে ২২, আরমান ৭ বলে ১৫ এবং জোবায়েদ ১২ বলে করে ১৪ রান। বাদশা মিয়া স্মৃতি সংসদের সাজিদুল এবং অনুরাগ নিয়েছে ৩টি করে উইকেট।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির পিতা ওসমান গণি মনসুর।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ ইবাদুল হক লুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, কোষাধক্ষ নওশাদ আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
