ক্রীড়া প্রতিবেদক
ভারত ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শেষ পর্যন্ত ঢাকায় পা রাখেনি– নিরাপত্তার সেই চাদর আর কূটনৈতিক টানাপোড়েনের মেঘ এখনও এদেশের ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা। তবে ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট খেলে গেছে ভারতের নারী হ্যান্ডবল দল। প্রতিযোগিতায় শিরোপা জিতেছে তারা।
নানা মেরূকরণের পর আগামী ৫-১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের খেলা নিয়ে শঙ্কার কালো মেঘ জমেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচের চেয়ে এই সাফ চ্যাম্পিয়নশিপ ভারতের কাছে কম গুরুত্ব পাচ্ছে! তাই তো টুর্নামেন্টে অংশ নেওয়ার সৌহার্দ্যটি বজায় রাখতে ঢাকায় সিনিয়রদের না পাঠিয়ে ‘বি’ দল পাঠাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। কয়েকটি সূত্রের বরাতে এমনটি জানা গেছে।
ক্যালেন্ডারের পাতা ওল্টাতে ওল্টাতে সাফ ফুটবলের বাকি আর মোটে দিন দশেক। স্বাগতিক বাংলাদেশ ট্রফি পুনরুদ্ধারের তাড়নায় নিজেদের প্রাথমিক স্কোয়াড সাজিয়ে ঘাম ঝরানো শুরু করে দিয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ার ফুটবল ‘দাদাগিরি’ যাদের পায়ে, সেই বর্তমান চ্যাম্পিয়ন ভারত এখনও স্কোয়াড ঘোষণা করেছে কিনা সেটা অজানা। যদিও ১৮ অক্টোবরের মধ্যে ২৮ সদস্যের দল সাফের কাছে দেওয়ার কথা অংশগ্রহণকারী দলগুলোর। দল দেওয়া নিয়ে গোপনীয়তা থাকলেও ভারত যে মর্যাদাপূর্ণ এ টুর্নামেন্টে খেলবে, তা নিশ্চিত। মোহনবাগান ক্লাবের ম্যানেজার অভিষেক ভট্টাচার্য্যের একটি মন্তব্যে কেটেছে ধোঁয়াশা। আইএসএলের ম্যাচের আগে তিনি নিশ্চিত করেছেন, সাফের জন্য তাদের তিন তরুণ তুর্কিকে ছেড়ে দেওয়া হয়েছে।
আসলে ভারতের চোখ এখন আর দক্ষিণ এশিয়ার এই আসরে আটকে নেই, তাদের নজর এখন বিশ্বফুটবলের মহাসমুদ্রে। আসিয়ান কাপের মতো মঞ্চকে হেলায় মাড়িয়ে তারা ঘরের মাঠে ব্রাজিল, উরুগুয়ে কিংবা পানামার মতো বিশ্বশক্তির সঙ্গে প্রীতি ম্যাচের ছক কষছে; নভেম্বরের ফিফা উইন্ডোতে ১২ ও ১৫ তারিখ অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে সূচি পাকা করে রেখেছে বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের সঙ্গে। তাই ঢাকায় শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে কোনো তারকা মেলা নয়, ভারত আসছে তাদের অনূর্ধ্ব-২৩ তথা রিজার্ভ বেঞ্চের একঝাঁক ক্ষুধার্ত তরুণ নিয়ে। যেখানে মোহনবাগানের তিন প্রতিভাবান ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী, উদীয়মান স্ট্রাইকার সুহেল ভাট ও প্রিয়াংস দুবে সাফ খেলতে ঢাকায় আসবেন।
সাফ চ্যাম্পিয়নশিপ ৫ নভেম্বর থেকে শুরু হলেও আইএসএলের ম্যাচের কারণে ভারতের অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের ক্যাম্প খুব আগে শুরু করার সুযোগ নেই। মোহনবাগান ও উড়িষ্যা এফসির মধ্যকার ম্যাচ রয়েছে ৫ নভেম্বর। তাই ধারণা করা হচ্ছে, ভারত ফুটবল ফেডারেশন ৪ নভেম্বরের মধ্যে খেলোয়াড়দের নিয়ে একটি সংক্ষিপ্ত ক্যাম্প বা সরাসরি ঢাকায় এসে রিপোর্ট করার পরিকল্পনা করছে। যেহেতু দলটির দায়িত্বে নওশাদ মুসা রয়েছেন (যিনি আইএসএলের নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গেও যুক্ত), তাই আইএসএল উইন্ডো শুরু হওয়া মাত্রই দল চূড়ান্ত করে সংক্ষিপ্ত ক্যাম্পে নামবে ভারত। সাফের উদ্বোধন দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এরপর ১১ নভেম্বর তাদের দ্বিতীয় ম্যাচ মালদ্বীপের বিপক্ষে।
‘বি’ টিম নিয়ে আলোচনা চললেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা এখনও আশাবাদী ভারত শক্তিশালী দলই পাঠাবে। বাফুফের ঊর্ধ্বতন এক কর্মকর্তার তথ্য অনুযায়ী দলটির কোচ খালিদ জামিল অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে নাকি জানিয়েছেন ‘বি’ দল নয় সিনিয়র দলই যেন সাফে খেলে। কারণ দ্বিতীয় সারির দল নিয়ে যদি টুর্নামেন্টে ভারত ভালো করতে না পারে, তাহলে দায়টা কোচের ওপরই বর্তাবে বলে জানিয়েছেন খালিদ। আর ব্যর্থ হলে তখন কেউই ‘বি’ দলের কথা বলবে না, আলোচনা করবে ভারত হেরেছে।
