চন্দনাইশ উপজেলায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক এক আসামিকে ধরতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা হামলার মুখে পড়েন। এতে চার সদস্য আহত হন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) ও আজিজুর
রহমান সবুজ (২১), মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ প্রকাশ নবাব মিয়া (৩৪)।
এসআরবি-৭ জানায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুলপাড়ায় অভিযান চালায় এসআরবির একটি দল। সেখানে অবস্থান করছিলেন বিভিন্ন থানায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক
আসামি মো. আলমগীর। অভিযানের সময় আলমগীর তাদের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে চিৎকার করে দলের ৪০ থেকে ৫০ জনকে জড়ো করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আরও মারমুখী হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা এবং সরকারি অস্ত্র ও গোলাবারুদ রক্ষায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এসআরবি সদস্যরা।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, হামলার পর ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত রবিবার ভোরে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর কানাইমাদারি এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র।
