চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের এক শিশুকে আছড়ে হত্যার ঘটনায় ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দ-প্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াচ্ছেরের বাড়ির সামনের রাস্তায় শিশু আলী হোসেনকে মাথার ওপর তুলে মাটিতে ছুড়ে মারেন আসামি জাহাঙ্গীর। এতে শিশুটি মাথায়, নাকে ও কানে গুরুতর আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত আলী হোসেন স্থানীয় মান্নান নাহার ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার পর নিহত শিশুর বাবা অটোরিকশাচালক আবু তাহের বাদী হয়ে সন্দ্বীপ থানায় জাহাঙ্গীর আলমকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এ রায় দেন। প্রসঙ্গত, ঘটনার মাত্র ১৭ দিন আগে ইতালি থেকে দেশে ফিরেছিলেন দ-প্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম।