উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ কালিহাতী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) তিনি উপজেলার সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্তরিকতা ও যত্নের সঙ্গে পাঠদানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে জেলা প্রশাসক আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধে শিক্ষক-শিক্ষিকাদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সরকারি দপ্তরগুলোর স্বাভাবিক কার্যক্রম, ভূমিসেবার মান, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব করা, শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সরকারি কার্যক্রমে গতিশীলতা আনতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
The post টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন appeared first on ভোরের চেতনা.
