২৫.৩ ওভারে ১১০ রানে অলআউট পাকিস্তান, কপাল পুড়ল ইংল্যান্ডের। ৮ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ে দিশেহারা পাকিস্তান। সেই সুযোগ কাজে লাগিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে লঙ্কানরা। বল হাতে দিলশান মাদুশঙ্কার বিধ্বংসী বোলিংয়ের পর ব্যাট হাতে কামিন্দু মেন্ডিসের দায়িত্বশীল ইনিংসে সহজ জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২৫ ওভার ৩ বলে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। ১৭ রান আসে হাসান নাওয়াজের ব্যাট থেকে।শাহিন শাহ আফ্রিদির ব্যাট থেকে আসে ১৫ রান। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপে সবচেয়ে বড় ধাক্কা দেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ইনিংসকে বড় হতে দেননি তিনি। ৩৪ রান খরচায় পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন এই পেসার। তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও এটি।
১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৬২ রানের ইনিংসে জয়ের পথ সহজ হয়ে যায় সফরকারীদের। তাকে সঙ্গ দেন পাভান রথনায়েকে, করেন ২৩ রান।
শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে আরাফাত মিনহাস ২৩ রানে এবং শাহিন শাহ আফ্রিদি ২৯ রানে একটি করে উইকেট নেন। তবে তাদের বোলিংয়ে শ্রীলঙ্কার জয়ের গতি থামানো যায়নি।
এই জয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল শ্রীলঙ্কা। এতে কপাল পুড়েছে ইংল্যান্ডের। শিরোপা নির্ধারনী ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
