টি-টোয়েন্টিতে এক ইনিংসে ২৭৮ রান। টানা আটটা ছক্কা। কী অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু না! এই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়ে ফেলল দিল্লির তন্ময় চৌধুরী। বয়স মাত্র ১৭। যা দেখে চমকে উঠছে ক্রিকেটভক্তরা। গত কয়েকমাস ধরেই নিয়মিত পারফর্ম করছে তন্ময়। তবে এবার যেন সমস্ত সীমা পার করে ফেলল।
দিল্লির একটি স্কুল টি-টোয়েন্টি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নেমেছিল তন্ময়। সেখানে মডার্ন স্কুলের হয়ে ২৭৮ রান করে অপরাজিত থাকে। তার ব্যাট থেকে আসে ২২টি চার ও ২৭টি ছক্কা। যার মধ্যে এক ওভারের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মারে। তার পরের ওভারের প্রথম তিন বলে আরও তিন ছক্কা। ইতিমধ্যে দিল্লি প্রিমিয়ার লিগে খেলেছে সে। দিল্লি দলের হয়েও সম্প্রতি ডাক পেয়েছে। গতবছর ডিসেম্বরে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে চর্চায় এসেছিল। এবার নিজের কীর্তিও ভেঙে ফেলল।
তাঁর বাবা সতীশ সংবাদমাধ্যমকে বলেছেন, “ও সাত বছর ধরে ক্রিকেট খেলছে। ক্লাস সিক্সে ওকে মডার্ন স্কুলে ভর্তি করাই। তাছাড়া গ্রিটন অ্যাকাডেমিতেও অনুশীলন করে। গত কয়েক মাস ধরে ও নিয়মিত ভালো ক্রিকেট খেলছে। আমরা ওর সবদিক খেয়াল রাখছি। স্থানীয় ক্রিকেটে প্রচুর সেঞ্চুরি করেছে। ১০-১২টা ডবল সেঞ্চুরিও আছে।” তাঁর ধারণা, তন্ময়ের মধ্যে বিরাট সম্ভাবনা আছে। কিন্তু সফর সবে শুরু। এখনও অনেক রাস্তা যেতে হবে।
তন্ময়ের সৌজন্যে মডার্ন স্কুল ২০ ওভারে ৩৯৪ রান তোলে। আর ম্যাচ জেতে ৩৬৭ রানে। এমনকী গতবছরও এক ইনিংসে ২২৮ রান করেছিল। সতীশ বলছেন, “ওর জন্য আরও সুযোগ আসতে চলেছে। আমরা সেটা বুঝতে পারছি। মনে হচ্ছে, সব কিছু নিজের মতো ঠিক পথে চলছে।”
