জাপান-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ায় নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন
চলতি মাসে জাপানের বিভিন্ন অঞ্চলে জাপানের আত্মরক্ষাবাহিনী ও মার্কিন সামরিকবাহিনীর যৌথ উদ্যোগে বৃহৎ আকারের সামরিক প্রশিক্ষণ মহড়া পরিচালনা করা হচ্ছে, যেখানে ৫০ হাজারের বেশি সেনাসদস্য অংশ নিচ্ছেন।
জাপান-যুক্তরাষ্ট্রের এই যৌথ মহড়ায় প্রথমবারের মতো দূরপাল্লার টাইপ ২৫ ভূমি থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।
জাপানের আত্মরক্ষাবাহিনী এবং মার্কিন সামরিকবাহিনী যৌথভাবে ‘কিন সোর্ড’ নামক দ্বিবার্ষিক বৃহৎ আকারের প্রশিক্ষণ মহড়া পরিচালনা করছে, যার লক্ষ্য হলো জাপানকে রক্ষা করার একটি কৃত্রিম পরিবেশ তৈরি করে অনুশীলন করা।
গত ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া এই মহড়া ১১ দিনব্যাপী চলবে, যেখানে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫৭ হাজার সেনা সদস্য অংশ নিচ্ছেন।
অস্ট্রেলিয়া ও কানাডাসহ আরও সাতটি দেশ এই মহড়ায় যুক্ত হওয়ায়, এটি এযাবৎকালের সর্ববৃহৎ যৌথ মহড়ায় পরিণত হয়েছে।
আত্মরক্ষাবাহিনীর স্থাপনাসমূহসহ জাপানের ৩৩টি জেলার ৭টি বিমানবন্দর ও ১২টি সমুদ্রবন্দর ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অবতরণ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার টাইপ ২৫ ভূমি থেকে জাহাজে নিক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মোতায়েন প্রক্রিয়া গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়।
গত মার্চ থেকে কুমামোতো শহরে অবস্থিত স্থল আত্মরক্ষাবাহিনীর ‘ক্যাম্প কেনগুন’-এ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাগুলো মোতায়েন রাখা হয়েছে।
এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় ১,০০০ কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেকোনো জরুরি পরিস্থিতিতে পাল্টা আক্রমণের জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে।