আচমকা গুলি চলল পাড়ায়। একটানা প্রায় ২০ রাউন্ড গুলি চলল। সঙ্গে সঙ্গে মৃত্যু অন্তত ২ জনের। ভয়ংকর ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোগা টাউন এলাকার অঙ্গদপুরায়। রাতদুপুরের এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই রাজ্যের নিরাপত্তা নিয়ে আপ সরকারকে বিঁধতে শুরু করেছে বিরোধীরা। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন।
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। জানা গিয়েছে, একটি দোকানের সামনে বসেছিলেন চারজন। তাঁদের মধ্যে ছিলেন দুই ভাইও। আচমকাই সেখানে আসে একটি কালো রঙের স্করপিও এসইউভি। কিছু বুঝে ওঠার আগেই চারজনকে লক্ষ্য করে চলে গুলিবৃষ্টি। প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালানোর পর গাড়ি চেপেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। যেহেতু কেউই গাড়ি থেকে নেমে গুলি চালায়নি, তাই দুষ্কৃতীদের মুখও দেখতে পাননি প্রত্যক্ষদর্শীরা।
গুরুতর আহত অবস্তায় চারজনকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় গগন জিন্দাল এবং সাহিল জিন্দালের। ৩০ বছর বয়সি গগন এবং ৪০ বছর বয়সি সাহিল দুই ভাই, একই পরিবারের সদস্য়। যথাক্রমে মাথায় এবং পেটে গুলি লেগেছে তাঁদের। আহত দু’জনও ওই পরিবারেরই পরিচিতি। তাঁদের পেটে এবং হাতে গুলি লেগেছে। এখনও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। পুলিশের প্রাথমিক অনুমান, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটেছে এই ঘটনা। অতীতের পারিবারিক শত্রুতার তত্ত্ব উঠে আসছে। মৃতদের পরিবারও কয়েকজন সন্দেহভাজনের নাম জানিয়েছে।
কিন্তু প্রকাশ্যে দোকানের সামনে এভাবে গুলি চলল কী করে? ভোটমুখী পাঞ্জাবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সম্প্রতি বেশ চর্চা চলছে। রবিবার গুলি চলার পর বিজেপি, শিরোমণি অকালি দল প্রত্যেকেই আপ সরকারকে কাঠগড়ায় তুলেছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে প্রশ্ন তুলেছেন, আমজনতা কি আদৌ নিরাপদ? বিজেপির তোপ, গ্যাংস্টারদের নিয়ন্ত্রণ করতে আপ সরকার একেবারে ব্যর্থ।
