সিলেট ভয়েস ডেস্ক · ২৭ অক্টোবর, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি হওয়ার পর পারভিন আক্তার (৩০) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কাজির পয়েন্ট এলাকার আর এন্ড এম জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
রোগীর স্বজনদের অভিযোগ, সময়মতো অস্ত্রোপচার না করায় তার মৃত্যু হয়েছে।
নিহত পারভিন আক্তার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনূসপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল মিয়ার স্ত্রী। তিনি চার মেয়ে ও এক ছেলে সন্তানের জননী।
পরিবারের সদস্যরা জানান, প্রসব ব্যাথা শুরু হলে পারভিনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে শহরের কাজির পয়েন্ট এলাকার আর এন্ড এম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য সকাল ১০টার দিকে তাকে ভর্তি করা হয়।
স্বজনদের দাবি, হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় ওষুধ দেওয়া হলেও দুপুরের দিকে পারভিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এ সময় তারা দ্রুত অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের অনুরোধ করেন। কিন্তু দুপুর ২টার পরও অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
তারা আরও জানান, দুপুর আড়াইটার পর পারভিনের অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে সিলেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। সময়মতো অস্ত্রোপচার করা হলে পারভিনকে বাঁচানো সম্ভব হতো বলে দাবি স্বজনদের।
ঘটনার পর হাসপাতালে উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ।
উজ্জ্বল মিয়া বলেন, ‘ময়নাতদন্ত করে মরদেহকে কষ্ট দিতে চাই না। ডাক্তারের গাফিলতির কারণে স্ত্রীর মৃত্যু হয়েছে, এর বিচার আল্লাহর কাছে দিলাম।’
পরে ময়নাতদন্ত ছাড়াই পারভিনের মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন স্বজনেরা।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এ বিষয়ে নিহতের স্বামীকে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে তারা অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গুগলে আমাদের খবর পেতে
