ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারকারীদের ওপর বিশ্বজুড়ে নজরদারি চালাতে বড় আকারের ডিজিটাল বিজ্ঞাপনের ফাঁদ পেতেছিল ইসরায়েলি এক বিজ্ঞাপন প্রযুক্তি কোম্পানি।
জাপানের এক ডিজিটাল ডিফেন্স বা সাইবার নিরাপত্তা কোম্পানির অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। বিষয়টির সঙ্গে পরিচিত ছয়টি ভিন্ন সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
যুক্তরাষ্ট্র ও টোকিওভিত্তিক সাইবার নিরাপত্তা কোম্পানি ‘ট্রেন্ড মাইক্রো’র অঙ্গপ্রতিষ্ঠান ‘ট্রেন্ডএআই’-এর গবেষকরা বলছেন, স্পেসএক্সের স্টারলিংক ব্যবহারকারীদের ডিজিটাল বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করছিল ইসরায়েলি কোম্পানি ‘ডিসকভার-টেক’।
এসব বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের ভৌগোলিক অবস্থান শনাক্তকরণসহ অন্যান্য উপায়ে নজরদারি চালানো হচ্ছিল।
নিজের নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণ করে ‘ট্রেন্ডএআই’ বলেছে, স্টারলিংক ব্যবহারকারীদের লক্ষ্য করে বিশ্বজুড়ে বিজ্ঞাপন নিলামে সবচেয়ে এগিয়ে থাকা বড় কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে ডিসকভার-টেক।
বিশ্বের ১০০টিরও বেশি দেশে স্টারলিংক ট্রাফিকের ওপর শীর্ষ দরদাতা ছিল কোম্পানিটি। যার মধ্যে এমন বেশ কয়েকটি দেশও রয়েছে, যেখানে স্টারলিংক সেবা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত।
বিডিং হচ্ছে একটি জটিল ডিজিটাল নিলাম ব্যবস্থা, যার মাধ্যমে বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর ব্রাউজার ও অ্যাপের ভেতরের বিজ্ঞাপনের জায়গা দখল করে।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি স্পেসএক্স। বিষয়টি নিয়ে ডিসকভার-টেক ও এর প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া দেননি তারা।
১৫ অক্টোবর স্টারলিংক ব্যবহারকারীদের ওপর এমন নজরদারি নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রেন্ডএআই।
তবে প্রতিবেদনে সরাসরি ডিসকভার-টেকের নাম উল্লেখ না করে এর পেছনে দায়ী পক্ষকে ‘একটি বিজ্ঞাপন প্রযুক্তি’ কোম্পানি হিসেবে বর্ণনা করে কোম্পানিটিকে ‘শ্যাডো-আর্থ-৭৯’ ছদ্মনামে চিহ্নিত করা হয়।
সূত্রগুলো বলেছে, ‘শ্যাডো-আর্থ-৭৯’ ডিসকভার-টেকের জন্য ব্যবহৃত ট্রেন্ডএআই-এর নিজস্ব কোডনেইম।
প্রতিবেদনে ডিসকভার-টেকের নাম প্রকাশ না করার কারণ সম্পর্কে সরাসরি কিছু না বললেও বিবৃতিতে ট্রেন্ডএআই বলেছে, ভুল তথ্যের ঝুঁকি এড়ানো ও হাইপ তৈরি করে এমন নাম ব্যবহার না করার নীতি থেকেই তারা এটা করেছে। যাতে ডিজিটাল নিরাপত্তারক্ষীরা বিভ্রান্ত না হন, ঝুঁকির অগ্রাধিকার ঠিক থাকে ও অনাকাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ তৈরি না হয়।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারগুলো যখন স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনালের প্রসার নিয়ন্ত্রণে লড়াই করছে তখনই স্টারলিংক ব্যবহারকারীদের ট্র্যাকিং বা নজরদারি করার উপায় খুঁজে বের করা এক ধরনের লাভজনক শিল্পে রূপ নিয়েছে।
যেহেতু এসব টার্মিনাল স্থানীয় টেলিকম কোম্পানির পরিবর্তে সরাসরি স্পেসএক্সের স্যাটেলাইটের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে ফলে এরা খুব সহজেই স্থানীয় ইন্টারনেট নিষেধাজ্ঞা বা সেন্সরশিপ এড়িয়ে যেতে পারে।
যুদ্ধক্ষেত্রে যোগাযোগ স্থাপন ও সমন্বয়েও বড় ভূমিকা রাখছে এ প্রযুক্তি, বিশেষ করে ইউক্রেইন যুদ্ধের সামনের সারির যোগাযোগ ও ড্রোন হামলার দিকনির্দেশনায় স্টারলিংক গুরুত্বপূর্ণ সংস্থান হয়ে উঠেছে।
এর আগে, মে মাসে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎস’ ও ওয়েবসাইট ‘ইন্টেলিজেন্স অনলাইন’ আলাদা প্রতিবেদনে বলেছিল, ইসরায়েলি মালিকানাধীন বেশ কিছু কোম্পানি ক্লায়েন্টদের কাছে স্টারলিংক ব্যবহারকারীদের শনাক্ত ও ট্র্যাক করার বিভিন্ন কৌশল বিক্রি করছে।
হারেৎস প্রতিবেদনে লিখেছিল, বিজ্ঞাপন ডেটার সুযোগ নেওয়াই ছিল ট্র্যাকিং প্রক্রিয়ার অন্যতম প্রধান ভিত্তি।
ডিসকভার-টেকের বিরুদ্ধে ব্যাপক নজরদারির অভিযোগ
যেদিন ট্রেন্ডএআই ‘শ্যাডো-আর্থ-৭৯’ সংক্রান্ত তাদের প্রতিবেদনটি প্রকাশ করে ঠিক একই দিন কানাডীয় সাইবার ওয়াচডগ ‘সিটিজেন ল্যাব’ ও নিউ ইয়র্কের বিজ্ঞাপন প্রযুক্তি বিষয়ক কোম্পানি ‘কনফিয়েন্ট’ সরাসরি ডিসকভার-টেকের নাম উন্মোচন করেছে।
উভয় গোষ্ঠীই বলেছে, ইসরায়েলি কোম্পানিটি বিজ্ঞাপন নিলামের সুযোগটির অপব্যবহার করেছে। এ প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পুনরায় নিলামে অংশ নেওয়া কোম্পানির কাছে গোপন সূত্রে পৌঁছে যেত।
সময়ের সঙ্গে সঙ্গে দরদাতারা এ ফাঁস হওয়া তথ্য সংগ্রহ ও একত্র করে অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে ব্যবহারকারীর পরিচয় প্রকাশ করতে পারে। ফলে ওয়েবজুড়ে তাদের গতিবিধির ওপর নজর রাখা ও কিছু কিছু ক্ষেত্রে নজরদারি সফটওয়্যারের মাধ্যমে তাদের সরাসরি লক্ষ্যবস্তু করা সম্ভব।
সিটিজেন ল্যাব ও কনফিয়েন্ট বলেছে, গণমাধ্যম, সরকার ও প্রযুক্তি কোম্পানির মতো বেশ কিছু সংবেদনশীল নেটওয়ার্কের ভেতরেও এসব বিজ্ঞাপন দেখানো হয়েছিল।
এ তদন্তের মুখে গুগলের পাশাপাশি কমকাস্টসহ অন্যান্য প্রধান প্রযুক্তি কোম্পানি তাদের বিভিন্ন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম থেকে ডিসকভার-টেককে সম্পূর্ণ সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে।
বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অন্তত একটি প্রধান প্রযুক্তি কোম্পানি ও একটি আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি নিজস্ব তদন্ত শুরু করেছে যে ডিসকভার-টেকের তৈরি এ বিজ্ঞাপনী ফাঁদে তাদের কর্মীরাও পড়েছিলেন কি না।
ইয়েমেন ও দক্ষিণ সুদানে শীর্ষ বিজ্ঞাপনদাতা
ট্রেন্ডএআই-এর প্রতিবেদনে কিছু সন্দেহজনক বিডিং প্যাটার্ন উল্লেখ করে বলা হয়, ‘শ্যাডো-আর্থ-৭৯’ কোনো স্বাভাবিক বাণিজ্যিক বিজ্ঞাপনী কার্যক্রম পরিচালনা না করে ‘নজরদারি ও ট্র্যাকিং অবকাঠামো’ চালাচ্ছিল।
স্টারলিংক ব্যবহারকারীদের ওপর তাদের এ নজরদারির অতিরিক্ত ঝোঁক ছাড়াও প্রতিবেদনে উঠে এসেছে, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন ও দক্ষিণ সুদানে সবচেয়ে বেশি বিজ্ঞাপন কিনেছে ‘শ্যাডো-আর্থ-৭৯’।
এ ছাড়া, আফগানিস্তানে তারা ছিল দ্বিতীয় বৃহত্তম বিজ্ঞাপন ক্রেতা। অথচ এসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগ্রস্ত বা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে পশ্চিমা বৈধ পণ্যের বাণিজ্যিক বিজ্ঞাপনের চাহিদা বলতে গেলে একেবারেই শূন্য।
প্রতিবেদনে আরও বলা হয়, হাঙ্গেরি, ইসরায়েল, মিসর, আজারবাইজান ও ভেনিজুয়েলাসহ কয়েকটি দেশে বিস্ময়কর রকম একক প্রাধান্য বিস্তার করে বিপুল পরিমাণ বিড জিতেছে ইসরায়েলি প্রযুক্তি কোম্পানিটি।
বিষয়টির সঙ্গে জড়িত একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ট্রেন্ডএআই-এর গবেষকরা নিশ্চিত ছিলেন, এ বিডিং কার্যক্রমের পেছনে ছিল ডিসকভার-টেক। তারা প্রতিবেদনে কোম্পানিটির নাম প্রকাশ করার বিষয়েও প্রাথমিক আলোচনা করেছিলেন।
তবে আইনি জটিলতা ও ঝুঁকির কথা বিবেচনা করে ট্রেন্ডএআই-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের আপত্তিতে শেষ পর্যন্ত নাম প্রকাশের বিষয়টি বাদ দেওয়া হয়।
সাইবার নিরাপত্তা শিল্পে এ ধরনের ‘সেলফ-সেন্সরশিপ’ সাধারণ বিষয়, বিশেষ করে যখন নীতিনির্ধারকরা আশঙ্কা করেন যে, কোনো বড় নজরদারি চক্রকে এভাবে উন্মোচন করলে তা তাদের ব্যবসার ওপর প্রতিশোধের হুমকি হতে পারে।
এ বছরের শুরুতে বৈশ্বিক এক সাইবার নজরদারি অভিযানের ওপর রিপোর্ট প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কোম্পানি ‘পালো অল্টো’।
গবেষকরা চীনা হ্যাকারদের সম্পৃক্ততার বিষয়ে শতভাগ নিশ্চিত থাকার পরও কৌশলগত কারণে প্রতিবেদনেটি থেকে চীনের সরাসরি নাম বাদ দেওয়া হয়েছিল।
অনুসন্ধানে জানা গেছে, চীনে কোম্পানিটির ব্যবসা ও বাণিজ্যিক কার্যক্রম সুরক্ষার স্বার্থেই এমন পদক্ষেপ নিয়েছিল পালো অল্টো।
তবে পালো অল্টো পরবর্তীতে এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তাদের প্রতিবেদনে সরাসরি নাম না থাকাটা চীনের কোনো নীতি বা বাণিজ্যিক চাপের সঙ্গে সম্পর্কিত নয়।
