গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়া বাদী হয়ে রোববার সদর থানায় মামলাটি দায়ের করেন।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লুৎফর বিশ্বাস, জিহাদ বিশ্বাস, নাহিদ মোল্লা, স্বাক্ষর শেখ, তানভীর হোসেন, মাহবুবুর রহমান ও মিরাজ তালুকদার।
পুলিশ বলেন, শনিবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি মিছিল বের করেন।
মিছিলটি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় পৌঁছালে সেখানে টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীদের মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়।
অভিযোগ অনুযায়ী, এ সময় মিছিল থেকে কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে উপপরিদর্শক ফুল মিয়াসহ পুলিশের দুই সদস্য আহত হন।
হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এসআই ফুল মিয়া বাদী হয়ে ১০০ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআলো/আমিনা