সৌদি আরবকে নিরাপত্তার নিশ্চয়তা দিলেও বাস্তবে সামরিক সম্পৃক্ততা এড়িয়ে চলছে মক্কা জোটের দুই সদস্য পাকিস্তান ও তুরস্ক। ফলে মক্তা চুক্তির কার্যকারিতা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের সঙ্গে মধ্যস্থতাকারী ভূমিকায় পাকিস্তান ব্যর্থ হলে জোটে তাদের অবস্থান কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
মক্কা প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী, জোটের কোনো সদস্যের ওপর হামলা হলে তা সব দেশগুলোর ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে ইরান যুদ্ধের জেরে হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও তুরস্ক কিংবা পাকিস্তানের পক্ষ থেকে কোনো সরাসরি সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি।
এরই মধ্যে পাকিস্তান স্পষ্ট করেছে, সৌদি আরবে অবস্থানরত তাদের সেনারা কোনোভাবেই ইয়েমেনে প্রবেশ করে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না। পাশাপাশি তুরস্কও আঞ্চলিক সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার চেয়ে কূটনৈতিক অবস্থান ও সীমান্ত নিরাপত্তাকেই অগ্রাধিকার দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এতে জোটের কার্যকারিতা এবং বিশেষ করে পাকিস্তানের অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।
কৌশলগত কারণেই পাকিস্তান কঠিন ভারসাম্য রক্ষা করে চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেননা সৌদি আরব তাদের ঐতিহাসিক নিরাপত্তা অংশীদার হলেও, প্রতিবেশী ইরানের সঙ্গেও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখাও ইসলামাবাদের জন্য জরুরি। আর তাই হুতিদের বিরুদ্ধে সরাসরি সংঘাতে জড়ালে ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা দুর্বল হয়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, আপাতত মক্কা চুক্তি কেবল একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছে। কেননা জোটে বড় পরাশক্তি না থাকায় এর সামরিক সক্ষমতা ও শক্তি প্রয়োগের ক্ষমতাও সীমিত রয়ে গেছে। তবে সৌদি-ইরান উত্তেজনা প্রশমনে পাকিস্তান ব্যর্থ হলে হুতিদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিতে ইসলামাবাদের ওপর রিয়াদের চাপ বাড়তে পারে বলেই শঙ্কা তাদের।
