অহিংসা পরম ধর্ম—গৌতম বুদ্ধের এই মর্মবাণী ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শুরু হয়েছে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবরদান উৎসব। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার তিনটি বৌদ্ধবিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে শুরু হওয়া মাসব্যাপী এই উৎসবের প্রথম দিনে ধাম্মাচারিয়া বৌদ্ধবিহার, বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজবিহার ও তপোবন বৌদ্ধবিহারে কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়। তিন মাস বর্ষাবাস পালনের পর বৌদ্ধ ভিক্ষুরা প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে বর্ষাবাস সমাপ্ত করেন। এরপর শুরু হয় বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান।
ধাম্মাচারিয়া বৌদ্ধবিহারের ২৪তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, ইউএসসি, পিএসসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদাল বাগান সংঘরত্ন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধা লংকার মহাস্থবির। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের উপ-সংঘরাজ ভদন্ত শ্রদ্ধা লংকার মহাস্থবির। ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক ভদন্ত লোকমিত্র স্থবির এবং রাঙামাটি আনন্দবিহারের উপাধ্যক্ষ ভদন্ত বিমল জ্যোতি মহাস্থবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন বলেন, সব ধর্মের বাণীই মানুষের মঙ্গল কামনা করে। ধর্মীয় আচার-অনুষ্ঠান বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকেরা জানান, এ বছর দীঘিনালা উপজেলায় আটটি বনবিহার ও ৩৯টি বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেবেন। ধর্মীয় অনুষ্ঠান, বুদ্ধের বাণী প্রচার ও সংঘের প্রতি দানের মধ্য দিয়ে মাসব্যাপী এ উৎসব উদ্যাপিত হবে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা নিয়ে দীঘিনালায় শুরু হওয়া এই উৎসব বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যেও সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
The post দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন appeared first on ভোরের চেতনা.
