অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে মঙ্গলবার মধ্যরাতে। প্রায় ১৪০ কিমি গতিবেগে ল্যান্ডফল হয়েছে বলে প্রাথমিক খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে সম্পূর্ণ আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। বাংলায় সরাসরি এর প্রভাব পড়েনি। তবে আগামী কয়েক দিন কি বৃষ্টি হতে পারে? ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা দুর্যোগ হতে পারে বাংলার উপকূলের জেলাগুলিতে? সেই চর্চা চলছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলাতেও। উপকূলীয় এলাকা তো বটেই, দক্ষিণ ও উত্তরবঙ্গে মাঝারি থেকে থাকা বৃষ্টি হতে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। হাওয়া অফিস জানিয়েছে, অর্ণবের প্রভাবে উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। গতকাল মঙ্গলবার থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হচ্ছে। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ, বুধবার ও আগামী কাল, বৃহস্পতিবার উপকূল এলাকায় ভারী বৃষ্টি হবে। গতকাল থেকেই বৃষ্টি চলছে সুন্দরবন, দিঘা-মন্দারমণি উপকূলে। এদিন সেই বৃষ্টি আরও বাড়বে বলে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। গতকাল রাত থেকেই বিশাল বড় আকার ঢেউ দিঘার পাড়ে ভাঙতে দেখা গিয়েছে। সাধারণ মানুষ, পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে।
শহর কলকাতা ও শহরতলিতেও অর্ণবের জেরে বৃষ্টি হবে আগামী দু’দিন। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে শহরে। গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টিও হতে দেখা গিয়েছে মহানগর ও আশপাশের এলাকায়। এদিন সকাল থেকে রোদের দেখা মিলেছে। তবে আকাশ মেঘলাও হতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে বলে খবর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণব সরাসরি বঙ্গে ল্যান্ডফল না করলেও বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শুক্রবার থেকে উত্তরের আবহাওয়া অনেকটাই পালটে যেতে পারে। দার্জিলিং ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। রয়েছে ভূমিধসের আশঙ্কা। ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের পাহাড় ভ্রমণে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার উত্তরের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। দুর্যোগ দেখা যাবে সিকিমেও। ভারী বৃষ্টিতে দার্জিলিং-সিকিমের একাধিক রাস্তায় ধসের আশঙ্কাও করা হচ্ছে। এই মুহূর্তে পাহাড়ে পর্যটনের মরশুম। পাহাড়ের উঁচু এলাকায় বেড়াতে যাওয়ার আগে স্থানীয় প্রশাসন অথবা ট্রাভেল এজেন্সি থেকে আবহাওয়া আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
