দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে জনপ্রিয় হয়ে উঠছে সর্বজনীন পেমেন্ট পদ্ধতি ‘বাংলা কিউআর’। গত জুনে এ পদ্ধতিতে প্রতিদিন গড়ে ৪০ কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তা বেড়ে চার গুণে পৌঁছেছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও বিস্তৃত করার লক্ষ্যে এবার দেশজুড়ে বিভিন্ন রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর অংশ হিসেবে বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বনানী ও গুলশানের কয়েকটি রিটেইল নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাটির কার্যক্রম শুরু করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর জানান, বাংলা কিউআর ব্যবস্থাকে আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করতে গত ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেনের সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি একে অপরের কাছে ডিজিটাল পদ্ধতিতে অর্থ পাঠাতে পারবেন। পাশাপাশি নগদবিহীন লেনদেনের পরিধি বাড়াতে দেশের বিভিন্ন রিটেইল নেটওয়ার্কে এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য হলো কেনাকাটা ও দৈনন্দিন আর্থিক লেনদেনে কিউআর কোডভিত্তিক পেমেন্টের ব্যবহার বাড়ানো। এতে ক্রেতারা নগদ অর্থ বহন না করেই মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধের সুযোগ পাবেন। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য লেনদেন গ্রহণের প্রক্রিয়া সহজ হবে এবং ডিজিটাল পেমেন্টের আওতা বাড়বে। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলা কিউআর সেবা সম্প্রসারণে অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে বলে উল্লেখ করেছেন ড. মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, ‘প্রান্তিক অঞ্চলে এ সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোবাইল ও নেটওয়ার্ক সুবিধার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। এসব বাধা দূর করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যাংক, রিটেইল নেটওয়ার্ক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।’
এদিকে অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ডিজিটাল লেনদেনের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ক্যাশলেস লেনদেন যত বাড়বে, সরকারের নতুন টাকা ছাপানোর পেছনে খরচ ততই কমবে। একই সঙ্গে সার্বিক আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’ সংশ্লিষ্টদের মতে, বাংলা কিউআর ব্যবস্থার বিস্তার দেশের পেমেন্ট অবকাঠামোকে আরও আধুনিক করার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়তা করতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের কাছে এ সেবা পৌঁছানো গেলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে। লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকায় ব্যবসায়িক হিসাব সংরক্ষণ এবং আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা বাড়ানোরও সুযোগ তৈরি হবে।
তবে এ ব্যবস্থার সফলতা নির্ভর করবে সাধারণ মানুষের ব্যবহার-সুবিধা, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, নিরাপদ লেনদেন এবং ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি। দেশজুড়ে রিটেইল নেটওয়ার্কে বাংলা কিউআর চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে বৃহত্তর বাণিজ্যিক লেনদেনেও নগদবিহীন পেমেন্টের ব্যবহার বাড়তে পারে।
দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার…
বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতির…
সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ…
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির…
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে উত্থানের প্রভাব…
দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ব্যাংকের ১০৪টি স্থাপনায় হামলার পেছনে কারও অর্থায়ন ছিল কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক; একই সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন বন্ধের উদ্যোগও নেওয়া হয়েছে। হামলার কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এসব হামলায় গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনার অবকাঠামো, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, শাখা বন্ধ থাকায় গ্রামীণ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, বিশেষ করে ঋণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে ব্যাংকটির মৌসুমি ঋণ কার্যক্রম চলমান থাকলেও বন্ধ থাকা ২৯টি শাখার গ্রাহকেরা এই ঋণসেবা গ্রহণ করতে পারছেন না। প্রতি বছর ঈদুল আজহা শুরুর ছয় মাস আগে গরু মোটাতাজাকরণ কর্মসূচির উদ্যোগ নেয় গ্রামীণ ব্যাংক, যার আওতায় সদস্যরা পশুপালনের জন্য ঋণ নিয়ে থাকেন; কিন্তু শাখাগুলো বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা পশুপালন ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৯টি শাখার কার্যক্রম বন্ধ থাকায় ওই এলাকার গ্রাহকেরা ঋণসুবিধা পাচ্ছেন না এবং এতে দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
প্রসঙ্গত, দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে কার্যক্রম পরিচালনাকারী গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৩ হাজারের বেশি। ব্যাংকটির মোট সঞ্চিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা; পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলেও প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির।
বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক সম্পদকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত সামুদ্রিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব বাড়ছে। সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, সম্পদ আহরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা, সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, সামুদ্রিক নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলা বজায় রাখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সুনীল অর্থনীতির দীর্ঘমেয়াদি ও টেকসই বিকাশের অন্যতম প্রধান ভিত্তি। কার্যকর নজরদারি, অপরাধ নিয়ন্ত্রণ এবং সামুদ্রিক পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। পাশাপাশি মৎস্যসম্পদ আহরণ, সামুদ্রিক পরিবহন এবং সমুদ্রনির্ভর বিভিন্ন শিল্পের সম্প্রসারণও গতিশীল হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, ‘সামুদ্রিক নিরাপত্তা কেবল আইনশৃঙ্খলা রক্ষার বিষয় নয়; বরং সুনীল অর্থনীতির টেকসই বিকাশের অন্যতম মৌলিক পূর্বশর্ত।’
তিনি জানান, সামুদ্রিক এলাকায় অবৈধ মাছ শিকার, দূষণ এবং আন্তঃদেশীয় অপরাধ বাংলাদেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এসব ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে নজরদারি কার্যক্রম সমন্বয়, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যৌথ অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমে প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়াতে সামুদ্রিক বিষয়াবলির জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের প্রস্তাবও দিয়েছেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকর আন্তঃসংস্থা কমিটি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইট পর্যবেক্ষণ, ড্রোন এবং গোয়েন্দা তথ্য একসঙ্গে ব্যবহার করে সামুদ্রিক এলাকার সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বা ‘মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস’ (এমডিএ) বাড়াতে হবে। এর মাধ্যমে সম্ভাব্য হুমকি আগেভাগে শনাক্ত করা এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এ ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার এবং অবৈধ মাছ শিকার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতাও বাড়বে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ড্রোন, আধুনিক টহল জাহাজ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং সমন্বিত সামুদ্রিক নজরদারি প্রযুক্তির ব্যবহার এ বাহিনীর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার নতুন সম্ভাবনা তৈরি করছে। তিনি জানান, দেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চল, দুর্গম চরাঞ্চল এবং সামুদ্রিক এলাকায় দিন-রাত সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা কোস্ট গার্ডের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রে অভিযান পরিচালনা করে জলদস্যুতা, বনদস্যুতা, মানব পাচার এবং মাদক চোরাচালান প্রতিরোধ করতে হয়। এ ক্ষেত্রে প্রচলিত টহলব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জামের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে উপকূলীয় জলসীমা, নদ-নদী এবং সুন্দরবনকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, অবৈধ মাছ ধরার সরঞ্জাম এবং চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর টেকনাফের নাফ নদী থেকে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা বাজারমূল্যের চার লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করে কোস্ট গার্ড। এর আগে একই এলাকা থেকে আরও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব অভিযান সীমান্তবর্তী জলপথে মাদক চোরাচালান প্রতিরোধে বাহিনীর তৎপরতার চিত্র তুলে ধরেছে।
এ ছাড়া গত ২৩ নভেম্বর ‘অপারেশন কোরাল আইল্যান্ড’-এর আওতায় সেন্টমার্টিন দ্বীপের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অভিযান পরিচালনা করে ১০১ জন জেলেকে আটক করা হয়। এ সময় পাঁচটি অবৈধ মাছ ধরার ট্রলার, ২৮টি জাল এবং ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। উপকূলীয় জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়। একইভাবে উপকূলীয় বিভিন্ন পথে চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা, সার ও সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এসব কার্যক্রমের মাধ্যমে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। সুন্দরবনে জলদস্যুতা নির্মূলে বিশেষ অভিযানও অব্যাহত রেখেছে বাহিনীটি। ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় বনাঞ্চলে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত এসব অভিযানে ৪৩ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন দস্যু বাহিনীর ৬৪ সদস্য আত্মসমর্পণ করেছে। অভিযানে ৮২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং দস্যু দলের সদস্যদের কাছ থেকে আরও ৪৮টি আগ্নেয়াস্ত্র জমা নেওয়া হয়েছে। এ সময় জলদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুজন পর্যটক এবং একজন রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করা, বনজ সম্পদ রক্ষা এবং পর্যটন কার্যক্রমের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে এসব অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে গত ১৭ নভেম্বর সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, বন্দুকের নল, গুলি এবং ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এসব অস্ত্র উদ্ধারের মাধ্যমে বনাঞ্চলে অপরাধী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোর বিকাশ সরাসরি নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক পরিবেশের ওপর নির্ভরশীল। সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণ, সমুদ্রবন্দর পরিচালনা, নৌপরিবহন, জাহাজ নির্মাণ, সামুদ্রিক পর্যটন এবং সমুদ্রভিত্তিক জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে হলে এসব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য আধুনিক অফশোর টহল জাহাজ সংগ্রহ, উন্নত রাডার স্থাপন, ড্রোন ও স্যাটেলাইটভিত্তিক নজরদারি সম্প্রসারণের পাশাপাশি দক্ষ জনবল তৈরি এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠা জরুরি বলে মনে করছেন তাঁরা।
সংশ্লিষ্টদের অভিমত, বঙ্গোপসাগরের বিপুল সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনাকে জাতীয় সমৃদ্ধির স্থায়ী ভিত্তিতে রূপান্তর করতে হলে সামুদ্রিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পরিবেশ সুরক্ষা, সম্পদের টেকসই আহরণ, অপরাধ দমন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েই সুনীল অর্থনীতিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করা সম্ভব।
সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার জন্য ব্যয় নির্ধারিত হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অধীনে ৫৩০ কোটি ২৪ লাখ টাকার বেশি ব্যয়ে একটি নির্মাণকাজের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয় বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে জি টু জি প্রক্রিয়ায় আমদানি করা এ গমের দাম পড়বে প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার; সে হিসাবে প্রতি কেজির মূল্য দাঁড়াবে ৪৩ টাকা ৩৮ পয়সা। নির্ধারিত ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টনের পাশাপাশি প্রয়োজন হলে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে। গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে, যাদের কাছ থেকে প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ ডলার দরে গম কেনা হবে।
অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবের আলোকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)’-এর আওতায় ওই নির্মাণকাজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রকল্পের অধীনে পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ, ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) প্রতিষ্ঠা ও মিটারসহ গ্রাহক সংযোগ স্থাপনের পাশাপাশি খুলনা ওয়াসার বিদ্যমান এলাকায় ৬৩টি ডিএমএর সংস্কারকাজ করা হবে; নির্মাণকাজ শেষ হওয়ার পর দুই বছর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও ঠিকাদারি প্রতিষ্ঠান পালন করবে। কাজটির মূল চুক্তিমূল্য ৫৩০ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা ৮০ পয়সা নির্ধারণ করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের ৫ হাজার ৫৮৮ দশমিক শূন্য ২ পয়েন্ট থেকে ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে নেমেছে, যা ৫ হাজার ৫৪০ পয়েন্টের নিচে। একই সঙ্গে বড় মূলধনি কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ হ্রাস পেয়েছে। এদিন ডিএসইতে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে কমেছে প্রায় সাড়ে চার গুণ বেশি অর্থাৎ ২৭৬টির, আর অপরিবর্তিত ছিল ৪৬টির দর। পাশাপাশি লেনদেনও আগের দিনের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ কমে ৯১৭ কোটি ৯০ লাখ টাকায় দাঁড়িয়েছে—যদিও তা বিগত ২০ কার্যদিবসের গড় লেনদেন ৭৩৫ কোটি টাকার চেয়ে বেশি ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পতন দেখা গেছে; বাজারটিতে ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বাড়লেও ১২০টির কমেছে এবং ২৩টির অপরিবর্তিত থাকায় সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ দশমিক ৭৯ পয়েন্ট কমেছে ও ২৪ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, সূচকের গুরুত্বপূর্ণ প্রতিরোধক অবস্থানে বাধা পাওয়া, অধিকাংশ শেয়ারের দরপতন এবং বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। বুধবার বিদেশি বিনিয়োগকারীরা নিট ৩৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন, যা সাম্প্রতিক কয়েকটি লেনদেন দিবসের মধ্যে অন্যতম বড় নিট বিক্রির ঘটনা। লেনদেনের গতিপ্রকৃতি পর্যালোচনায় দেখা যায়, এদিন শুরুতে ডিএসইএক্স ৫ হাজার ৬১৬ পয়েন্টে উঠে গেলেও সেপ্টেম্বরের শেষ দিকের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি গিয়ে তা পুনরায় নিম্নমুখী হয় এবং দিন শেষে প্রায় সর্বনিম্ন অবস্থানের কাছে গিয়ে লেনদেন শেষ করে। বাজার বিশ্লেষকদের তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডিএসইএক্স ১৩ দশমিক ৭ শতাংশ বাড়তি অবস্থানে থাকলেও জুলাইয়ে ৫ হাজার ৯২৬ পয়েন্টে ওঠার পর থেকে সূচকটির উচ্চ অবস্থান ক্রমাগত নিচের দিকে নেমেছে এবং বুধবারের লেনদেনে তা ৫ হাজার ৬০০ পয়েন্টের প্রতিরোধক অবস্থান অতিক্রম করতে ব্যর্থ হয়েছে। সামনের দিনগুলোতে ৫ হাজার ৫০০ পয়েন্টকে সূচকের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা—যা ধরে রাখতে ব্যর্থ হলে পরবর্তী সমর্থন ৫ হাজার ৪৪০ থেকে ৫ হাজার ৪৬০ পয়েন্টের মধ্যে থাকতে পারে; অন্যদিকে, ৫ হাজার ৬৪০ পয়েন্টের ওপরে অবস্থান নিয়ে লেনদেন শেষ করতে পারলে সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হতে পারে।
খাতভিত্তিক লেনদেনে দেখা গেছে, এদিন ওষুধ ও প্রকৌশল খাতে দরপতনের চাপ বেশি ছিল; এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর ৭ শতাংশ, রানার অটোর ৬ দশমিক ৯ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের ৪ দশমিক ৭ শতাংশ কমেছে। বস্ত্র খাতের মধ্যে এফইকেডিআইএলের শেয়ারদর ৪ দশমিক ৪ শতাংশ ও সাইহাম টেক্সটাইলের ৩ দশমিক ৭ শতাংশ কমলেও সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ব্যাংক খাতেও দরপতন দেখা গেছে; এদিন প্রাইম ব্যাংকের শেয়ারদর ২ দশমিক ১ শতাংশ কমেছে। এ ছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রে থাকা বেশ কয়েকটি শেয়ারের দামও বুধবার কমে গেছে; এর মধ্যে নাভানা সিএনজির ৩ দশমিক ৩ শতাংশ, ওয়াটা কেমিক্যালস ও তিতাস গ্যাসের ৩ দশমিক ১ শতাংশ করে, মতিন স্পিনিংয়ের ১ দশমিক ৯ শতাংশ এবং ইসলামী ব্যাংকের শেয়ারদর ১ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোটি টাকার একটি ঋণ কর্মসূচি চালু করেছে কর্মসংস্থান ব্যাংক। এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে ২০০ কোটি টাকা বিতরণ করা হচ্ছে, যার মাধ্যমে প্রায় দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে। বুধবার (২৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ১ হাজার ৬০০ জন গ্রাহকের মধ্যে ৩৩ কোটি টাকার ঋণ বিতরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকটির চেয়ারম্যান ড. এএফএম মতিউর রহমান এ তথ্য জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ, সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অরুণ চৌধুরী কর্মকার এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারভিন আক্তার।
অনুষ্ঠানে ঋণের সুদহার কমানোর প্রস্তাব উত্থাপন করে কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হলে ব্যাংকের হাতে ৫ শতাংশ থাকে। এই সুদহার উদ্যোক্তাদের জন্য বেশি। বাংলাদেশ ব্যাংক তহবিলের সুদ ২ শতাংশ নির্ধারণ করলে গ্রাহক পর্যায়ে ঋণ ৫ থেকে সাড়ে ৫ শতাংশের মধ্যে বিতরণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। ব্যাংকটিকে কেবল মুনাফা অর্জনের প্রতিষ্ঠান নয় বরং অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যম হিসেবে দেখা উচিত উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে ঋণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। ব্যাংকটির মূলধন তুলনামূলক কম হলেও এর কার্যক্রম গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে গবাদিপশু পালন, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও জুতা শিল্পে দেশীয় উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এসব খাতে পরিকল্পিত বিনিয়োগ হলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ সম্ভব। এ ছাড়া দেশের চামড়াশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে বিভাগীয় পর্যায়ে ট্যানারি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার প্রস্তাব দিয়ে তিনি বলেন, দেশীয় চামড়া ব্যবহার করে জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে এবং শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনুষ্ঠানে ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাণিসম্পদ খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি সঠিক সময়ে ঋণ পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে কোরবানির বাজার সামনে রেখে পশু পালন ও মোটাতাজাকরণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের ঋণ কর্মসূচির আওতায় আনা হলে উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও কার্যকর হবে। শুধু ঋণ বিতরণ নয়, উদ্যোক্তাদের উৎপাদন, ব্যবস্থাপনা ও বাজারসংযোগের ক্ষেত্রেও সহযোগিতা প্রয়োজন। অন্যদিকে সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অরুণ চৌধুরী কর্মকার প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণকালে প্রকৃত উপকারভোগী ও নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি ঋণের যথাযথ ব্যবহার ও আদায় নিশ্চিত করার পরামর্শ দিয়ে বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে ঋণ কার্যক্রম আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। পোল্ট্রি খাতের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে পশু ও পোল্ট্রি খাদ্যের উচ্চমূল্য, উৎপাদন ব্যয় এবং বাজারের অনিশ্চয়তায় খামারিরা চাপের মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে সহজ শর্তে ঋণ ও কার্যকর আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় সম্পদ। এ জনশক্তিকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে না পারলে জনসংখ্যাগত সুবিধা কাজে লাগানো কঠিন হবে। তাই দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ বাড়াতে হবে। বিদেশে শ্রমিক প্রেরণের ক্ষেত্রে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণে গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু অদক্ষ শ্রমিক নয়, দক্ষ কর্মী, কারিগরি পেশাজীবী ও সুপারভাইজার হিসেবে জনশক্তি পাঠানোর সক্ষমতা বাড়াতে হবে। এতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ, শ্রমিকদের আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে উত্থানের প্রভাব এবং ডলারের শক্তিশালী বিনিময় হারের চাপে গতকাল আন্তর্জাতিক বাজারে শিল্প ধাতু তামার দাম হ্রাস পেয়েছে। বিজনেস রেকর্ডারের প্রতিবেদনে জানানো হয়েছে, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি তামার দর ২ দশমিক ২৮ শতাংশ কমে প্রতি টন ১২ হাজার ২০৫ ডলারে লেনদেন হয়েছে; যদিও এর আগের দিন ধাতুটির দাম সর্বোচ্চ ৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। পাশাপাশি সাংহাই ফিউচারস এক্সচেঞ্জেও তামার দাম সামান্য কমে প্রতি টন ৯৫ হাজার ২০ ইউয়ানে দাঁড়িয়েছে।
এর আগে সোমবার এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের নেতৃত্বে প্রত্যাবর্তনের খবরে এআই খাতের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে, যাতে ওই দিন এনভিডিয়ার শেয়ারদর ৩১ দশমিক ৫ শতাংশ এবং নাসডাক সূচক ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। একই সঙ্গে এআই প্রযুক্তির প্রসারে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ও ডাটা সেন্টারে তামার ঊর্ধ্বমুখী চাহিদার সম্ভাবনাও তামার দাম বাড়াতে ভূমিকা রেখেছে। তবে চীনা ব্রোকারেজ প্রতিষ্ঠান গ্যালাক্সি ফিউচারসের বিশ্লেষকেরা মনে করছেন, তামার দামের ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়া বিপজ্জনক হতে পারে; তাঁদের মতে, ডলারের শক্তিশালী বিনিময় হারও বিশ্ববাজারে তামাসহ অন্যান্য ধাতুর দামে চাপ তৈরি করছে।
২০২৫-২৬ অর্থবছরে ইউরোপের অন্যতম প্রধান দুই বাজার জার্মানি ও ফ্রান্স থেকে বাংলাদেশের রপ্তানি আয় বড় আকারে কমেছে; বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, তৈরি পোশাক খাতের আয় হ্রাস পাওয়াই এই পতনের মূল কারণ। কেন্দ্রীয় ব্যাংকের 'অ্যানুয়াল এক্সপোর্ট রিসিপ্টস অব গুডস অ্যান্ড সার্ভিসেস ২০২৫-২৬' শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এই দুই বাজার থেকে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার কম হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য জার্মানি থেকে আয় আগের অর্থবছরের ৫ দশমিক ০৭ বিলিয়ন ডলার থেকে ১০ দশমিক ১ শতাংশ কমে ৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে; আর ফ্রান্স থেকে আয় আগের ২ দশমিক ৩২ বিলিয়ন ডলার থেকে ৭ শতাংশ কমে ২ দশমিক ১৬ বিলিয়ন ডলারে নেমেছে। প্রধান এই দুই বাজারের পতনে বাংলাদেশের বৃহত্তম আঞ্চলিক বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সামগ্রিক রপ্তানি আয়ও আগের অর্থবছরের ২০ দশমিক ২৬ বিলিয়ন ডলার থেকে ২ দশমিক ৭ শতাংশ কমে ১৯ দশমিক ৭২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে—যার ফলে দেশের মোট পণ্য রপ্তানি আয়ে ইউরোপীয় জোটটির অংশীদারত্ব ৪৬ দশমিক ৫ শতাংশ থেকে নেমে ৪৫ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।
প্রতিবেদন অনুযায়ী, জার্মানি থেকে অর্জিত মোট ৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে ৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার, যা আগের চেয়ে ১০ দশমিক ৬ শতাংশ কম; আর ফ্রান্সের মোট ২ দশমিক ১৬ বিলিয়ন ডলারের মধ্যে ১ দশমিক ৯৫ বিলিয়ন ডলার এসেছে পোশাক খাত থেকে, যেখানে পতন হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। পোশাকের পাশাপাশি জার্মানি থেকে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ১৬ দশমিক ১ শতাংশ কমে ৫৯ দশমিক ৭ মিলিয়ন ডলারে এবং ফ্রান্স থেকে ৩১ দশমিক ৬ শতাংশ কমে ৬৬ দশমিক ৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। রপ্তানি আয়ের এই নিম্নমুখিতা ইউরোপের অন্য কয়েকটি দেশ ও বড় বাজারেও দেখা গেছে; ইতালি থেকে আয় ৫ দশমিক ৪ শতাংশ কমে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার, ডেনমার্ক থেকে ৬ দশমিক ১ শতাংশ কমে ৯৮৬ দশমিক ৬ মিলিয়ন ডলার, বেলজিয়াম থেকে ৪ দশমিক ৯ শতাংশ কমে ৬০১ দশমিক ৬ মিলিয়ন ডলার এবং আরেক প্রধান গন্তব্য জাপান থেকে ৮ শতাংশ কমে ১ দশমিক ২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে ইউরোপের সব বাজারে চিত্র এক রকম ছিল না; স্পেন থেকে আয় ৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, নেদারল্যান্ডস থেকে ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২ দশমিক ১৪ বিলিয়ন ডলার এবং পোল্যান্ডে ৮ দশমিক ৩ শতাংশের শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় দেশটি থেকে রপ্তানি আয় ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ইউরোপের বাজারের বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে; দেশটি থেকে রপ্তানি আয় ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৮ দশমিক ০৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে যুক্তরাজ্যেও রপ্তানি আয় ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (নাফটা) ভুক্ত দেশগুলো থেকে সম্মিলিত আয় ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ৯ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে উন্নীত হওয়ায় দেশের মোট পণ্য রপ্তানি আয়ে এ অঞ্চলের অংশীদারত্ব ২১ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ২২ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। তবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য অতিমাত্রায় তৈরি পোশাক খাতনির্ভর হওয়ায় প্রধান আন্তর্জাতিক বাজারগুলোতে চাহিদার পরিবর্তন ও ক্রেতাদের পণ্য সংগ্রহের (সোর্সিং) সিদ্ধান্তের কারণে বাংলাদেশ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে; কারণ ২০২৫-২৬ অর্থবছরে এককভাবে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, যা দেশের মোট পণ্য রপ্তানি আয়ের ৮৪ দশমিক ৬ শতাংশ।
এদিকে তৈরি পোশাক খাতের আয় দুর্বল হলেও ২০২৫-২৬ অর্থবছরে বেশ কয়েকটি ছোট রপ্তানি খাত প্রবৃদ্ধি অর্জন করেছে; এর মধ্যে উদ্ভিজ্জ পণ্যের রপ্তানি আয় ৩৮ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৩৭ দশমিক ৫ মিলিয়ন ডলার, বাইসাইকেল ২১ দশমিক ২ শতাংশ বেড়ে ১৩৯ দশমিক ৯ মিলিয়ন ডলার, মাছ ও চিংড়ি ১০ দশমিক ২ শতাংশ বেড়ে ৩৯০ দশমিক ৪ মিলিয়ন ডলার, সামগ্রিক চামড়া ও চামড়াজাত পণ্য ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ দশমিক ২৭ বিলিয়ন ডলার এবং ওষুধ রপ্তানি ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ২২৭ দশমিক ৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে তৈরি পোশাক খাতের তুলনায় এই খাতগুলোর আকার ছোট হওয়ায় তা দেশের বৃহত্তম রপ্তানি শিল্পের পতন পুষিয়ে নিতে পারেনি; ফলে সামগ্রিকভাবে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় আগের বছরের ৪৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৪৩ দশমিক ২০ বিলিয়ন ডলারে নেমেছে। পণ্য ও সেবা মিলিয়ে মোট রপ্তানি আয় শূন্য দশমিক ১ শতাংশ কমে ৫০ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যেখানে সেবা খাতের রপ্তানি আয় ৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। উল্লেখ্য, পণ্য জাহাজীকরণের তারিখের পরিবর্তে ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত আয়ের ভিত্তিতে তৈরি করা এ পরিসংখ্যানের সঙ্গে সময়, মূল্যায়ন ও আওতাভুক্তির পার্থক্যের কারণে জাহাজীকরণ-ভিত্তিক রপ্তানি পরিসংখ্যানের ভিন্নতা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
