একাডেমিক সাফল্য ও গবেষণায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমদ শাকিল। মাস্টার্স (থিসিস) পরীক্ষায় ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করে ডিস্টিংশন লাভ করেছেন তিনি। এর আগে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৯০ সিজিপিএ নিয়ে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন। পাশাপাশি কিউ-১ শ্রেণিভুক্ত আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে তাঁর তিনটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
শিক্ষাজীবনে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শাকিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. নাজিম উদ্দিন বৃত্তি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অনার্স মেধাবৃত্তি লাভ করেন। স্নাতকের প্রথম ও তৃতীয় বর্ষে প্রথম স্থান অর্জনের জন্য তাঁকে বিশ্ববিদ্যালয়ের বৃত্তি দেওয়া হয়।
শাকিলের গবেষণার প্রধান ক্ষেত্র কম্পিউটেশনাল কেমিস্ট্রি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরকোষ ও কার্যকরী পদার্থের উন্নয়ন। ডেনসিটি ফাংশনাল থিওরি (ডিএফটি), মলিকিউলার ডকিং এবং ডিভাইস সিমুলেশনের মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করে তিনি জৈব রঞ্জক, হ্যালাইড ডাবল পেরোভস্কাইট ও সম্ভাব্য ঔষধিগুণসম্পন্ন যৌগ নিয়ে গবেষণা করেছেন।
২০২৪ সালে Chemical Physics Impact সাময়িকীতে ট্রাইফেনাইলামিনভিত্তিক রঞ্জকের আলো শোষণ ও অপটিক্যাল বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়। ২০২৫ সালে ChemistrySelect সাময়িকীতে আইবুপ্রোফেনের ডেরিভেটিভের সম্ভাব্য COX-2 ইনহিবিটর হিসেবে কার্যকারিতা নিয়ে আরেকটি গবেষণা প্রকাশিত হয়। সর্বশেষ ২০২৬ সালে Materials Advances সাময়িকীতে হ্যালাইড ডাবল পেরোভস্কাইট নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়। এতে ডিভাইস সিমুলেশনের মাধ্যমে প্রায় ২৭ শতাংশ ফটোভোলটাইক দক্ষতার সম্ভাবনা তুলে ধরা হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব অ্যাডভান্সড রিসার্চ ইন কেমিক্যাল সায়েন্সেসে মাস্টার্সের থিসিস সম্পন্ন করেন শাকিল। তাঁর গবেষণায় যৌগ সংশ্লেষণ, বর্ণালিবীক্ষণিক বিশ্লেষণ এবং তাত্ত্বিক ও জৈবিক কার্যকারিতা মূল্যায়ন গুরুত্ব পেয়েছে।
গবেষণার পাশাপাশি ২০২১ সাল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত পড়াচ্ছেন তিনি। ল্যাবরেটরিতে স্নাতক পর্যায়ের চার শিক্ষার্থীকে গবেষণার বিভিন্ন পদ্ধতিতে হাতে-কলমে প্রশিক্ষণও দিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক এবং বিভিন্ন একাডেমিক আয়োজনের স্বেচ্ছাসেবক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভবিষ্যতে সৌরশক্তি রূপান্তর, পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন এবং ক্যাটালাইসিসের উপযোগী নতুন কার্যকরী পদার্থ উদ্ভাবনের মাধ্যমে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় অবদান রাখতে চান জুবায়ের আহমদ শাকিল।
