বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জাকির হোসেন (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার। তিনি জানান, মামলাটি দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-৮-এর একটি দল। এর ধারাবাহিকতায় রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বরিশালের বানারীপাড়া থানার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাকির ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী।
অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি ডোবার কাছে নির্জন স্থানে কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবি-৮-এর সহায়তা চান। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর জাকির হোসেনকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিআলো/আমিনা