Published on
:
2 min read
শ্যামগোপাল রায়
দমদমের একটি দুর্গাপুজোর মণ্ডপ যাচ্ছে উত্তরবঙ্গের কালীপুজোয়৷ দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোর আলোকসজ্জায় সেজে উঠবে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো৷ চন্দননগর, বর্ধমান, মালদা, শিলিগুড়ির জগদ্ধাত্রী ও কালীপুজোর আয়োজকরা শহরের বেশ কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপ ইতিমধ্যেই 'কিনে' ফেলেছেন৷
মুদিয়ালির মণ্ডপ যাচ্ছে চন্দনগরের একটি জগদ্ধাত্রী পুজোয়। বীরভূমের লাভপুরের একটি কালীপুজো সেজে উঠবে দমদমের তরুণ দলের পুজো মণ্ডপে। ফি বছর নিত্য নতুন থিমে চমক দেয় ভাঙড়ের শতধারা প্রমিলা সঙ্ঘ। সেই থিমের মণ্ডপ বিক্রি হয় আশে পাশের কালীপুজোর মণ্ডপ হিসেবে। শতধারার সভাপতি পাপিয়া চক্রবর্তী বলেন, 'এই বছর আমাদের থিম ছিল 'পোড়া মাটির পরশ'।
ইতিমধ্যে ভাঙড় এবং নিউ টাউনের কয়েকটি পুজো কমিটি ওই মণ্ডপ কেনার জন্য দরদাম শুরু করেছে।' প্রায় প্রতি বছর সল্টলেকের একে ব্লকের দুর্গাপুজোর মণ্ডপ কালীপুজোয় নিয়ে যায় শিলিগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কয়েকটি ক্লাব। ওই পুজো কমিটির সদস্য রাজা বণিকের বক্তব্য, 'এই বছরও উত্তরবঙ্গ ও দুই মেদিনীপুরের বেশ কয়েকটি ক্লাব যোগাযোগ করেছে। তবে এখনও বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়নি।'
দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর মূল মণ্ডপ ও থিমের শিল্পী শিল্পী গৌরাঙ্গ কুইলা। ত্রিধারার ওই মণ্ডপেই সাজবে চন্দনগরের নিয়োগী বাগানের জগদ্ধাত্রী পুজো। ইতিমধ্যেই ত্রিধারার কর্মকর্তাদের সঙ্গে চন্দননগরের পুজো কমিটির কথাবার্তা চূড়ান্ত হয়েছে—এমনটাই জানিয়েছেন গৌরাঙ্গ।
দুর্গাপুজোর মণ্ডপ ভেঙে ফেলার দিন এখন অতীত। কলকাতার নামকরা পুজোগুলির থিম, মণ্ডপ এবং তাকলাগানো আলোকসজ্জায় সাজছে জেলার কালী ও জগদ্ধাত্রী পুজো। দমদমের দুর্গাপুজোর মণ্ডপ থেকে শুরু করে দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজোর আলো—সব কিছুরই কদর বাড়ছে জেলায়। চন্দননগর, বর্ধমান, মালদা এবং শিলিগুড়ির মতো বিভিন্ন জেলার কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তারা অনেক আগে েথকেই কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে যোগাযোগ করেন। সল্টলেক ও দমদমের পুজোগুলিও কলকাতার সঙ্গে টক্কর দেয়। এই পুজোগুলোর বাজেট ৩০ লক্ষের কম হয় না।
তবে, জেলায় কালী বা জগদ্ধাত্রী পুজোর বাজেট অনেকটাই কম। পাশাপাশি, কলকাতায় যে ভাবে বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন বা স্পনসরশিপের অর্থ আসে, জেলার পুজোয় সে ভাবে আসে না। তবুও বড় মাপের পুজো করে জেলার একাধিক পুজো কমিটি। এর জন্যই কলকাতার ব্যবহৃত বা তৈরি করা মণ্ডপ কেনার প্রবণতা বাড়ছে। থিমমেকার মৃণ্ময় পালের কথায়, 'খরচের জন্য কলকাতার মতো দুর্গাপুজো জেলায় করা সম্ভব নয়৷ ভালো পুজো করার তাগিতেই জেলার ক্লাবগুলি কলকাতা থেকে দুর্গাপুজোর মণ্ডপ-আলোকসজ্জা কিনে নিয়ে যায়৷'