উচ্চ সুদহার, অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও ব্যাংক খাতের দুর্বলতার কারণে উদ্যোক্তাদের বিনিয়োগের সিদ্ধান্ত বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ব্যাংকগুলোও ঝুঁকি বিবেচনায় ঋণ বিতরণে সতর্ক অবস্থানে রয়েছে।
বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হলো প্রতিটি খাতে সুশাসন নিশ্চিত করা। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগে গতি ফেরানো এবং বৈশ্বিক যুদ্ধ ও সংঘাতের অভিঘাতে বৈদেশিক মুদ্রাবাজারে সৃষ্ট অস্থিতিশীলতা মোকাবেলা করাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যাংক খাতে উচ্চ খেলাপি ঋণ, খেলাপি ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধে অনীহা ও সুশাসনের ঘাটতি অর্থনীতিতে আস্থার সংকট তৈরি করেছে।
আমার মতে, তিনটি বিষয়ে অগ্রাধিকার দেয়া উচিত—ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন জোরদার করা, ঋণপ্রবাহ বাড়ানো এবং মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা। অর্থনীতিতে শুধু তারল্য বাড়ানো নয়, সে অর্থের উৎপাদনশীল ব্যবহার নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এরই মধ্যে গৃহীত সংস্কার উদ্যোগগুলোর প্রকৃত সাফল্য নির্ভর করবে সেগুলোর সঠিক বাস্তবায়নের ওপর। শুধু খেলাপি ঋণ চিহ্নিত করা বা ঋণগ্রহীতাকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে তালিকাভুক্ত করলেই দায়িত্ব শেষ হবে না। দায় নির্ধারণ, পুনর্গঠিত ঋণ আদায় ও দুর্বল প্রতিষ্ঠানের কার্যকর পুনর্গঠন নিশ্চিত করতে হবে।
সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদের জবাবদিহি, পেশাদার ব্যবস্থাপনা, স্বচ্ছভাবে আর্থিক তথ্য প্রকাশ এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর স্বাধীনতা জরুরি। পাশাপাশি আমানতকারীদের অর্থ সুরক্ষায় কার্যকর আমানত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
আমানতকারীদের আস্থা ফেরানো জরুরি। প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, স্বচ্ছতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই এ আস্থা অর্জন করতে হবে।
উচ্চ সুদহার, অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট ও ব্যাংক খাতের দুর্বলতার কারণে উদ্যোক্তাদের বিনিয়োগের সিদ্ধান্ত বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ব্যাংকগুলোও ঝুঁকি বিবেচনায় ঋণ বিতরণে সতর্ক অবস্থানে রয়েছে।
এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, ইজারা অর্থায়ন, শিল্পের যন্ত্রপাতি ক্রয় এবং দীর্ঘমেয়াদি প্রকল্পে অর্থায়নের মাধ্যমে তারা ব্যাংকের পরিপূরক হিসেবে কাজ করতে পারে। এজন্য দুর্বল প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে তুলতে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সহায়তা দেয়া প্রয়োজন।
আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু ঋণের পরিমাণ বাড়ানো নয়, বরং এমন খাতে অর্থায়ন করা, যেখানে নতুন উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক মূল্য সৃষ্টি হবে। বিশেষ করে শিক্ষিত বেকারত্ব কমাতে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে সামষ্টিক অর্থনীতিতে অবদান রাখার সুযোগ করে দিতে হবে।
আমরা অর্থায়নকে শুধু ঋণ বিতরণের কার্যক্রম হিসেবে দেখি না; বরং উদ্যোক্তার ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহযোগিতার মাধ্যম হিসেবে বিবেচনা করি। যদিও সামগ্রিক তারল্য সংকট আমাদের অগ্রযাত্রাকে সাময়িকভাবে ব্যাহত করছে।
এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ব্যবসা সম্প্রসারণ, শিল্প খাতে যন্ত্রপাতি ও প্রযুক্তির আধুনিকায়ন এবং সম্ভাবনাময় প্রকল্পে মেয়াদি অর্থায়নের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি প্রকল্পের নগদ প্রবাহ, সম্ভাব্যতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করে দায়িত্বশীল অর্থায়ন ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছি।
অতীতে ঋণ বিতরণে যেসব অনিয়ম হয়েছে, তা থেকে শিক্ষা নিয়েই আমাদের দর্শন হলো—ঋণের মাধ্যমে টেকসই ব্যবসা ও অর্থনৈতিক সক্ষমতা গড়ে তোলা। এ দর্শনের ভিত্তিতেই ভবিষ্যতে একটি মানসম্মত ঋণ পোর্টফোলিও গড়ে তুলতে মনোযোগ দিচ্ছি।
জ্বালানি সংকট শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বাড়িয়েছে এবং অনেক ক্ষেত্রে উৎপাদন সক্ষমতার পূর্ণ ব্যবহার বাধাগ্রস্ত করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে প্রতিষ্ঠানের নগদ প্রবাহ ও ঋণ পরিশোধের সক্ষমতার ওপর। ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ পোর্টফোলিওতে ঝুঁকি বেড়েছে।
এ পরিস্থিতিতে ঋণ আদায়ে যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাময়িক সংকটে পড়া সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা ও সহায়তা দেয়া প্রয়োজন।
আমাদের অবস্থান হওয়া উচিত—ঝুঁকি বুঝে অর্থায়ন, সক্ষম উদ্যোক্তাকে সহযোগিতা এবং ঋণের গুণগত মান রক্ষা করা।
আগামী পাঁচ বছরে বাংলাদেশের অর্থনীতিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় সুযোগ রয়েছে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, শিল্পায়ন, ইজারা অর্থায়ন, অবকাঠামো ও দীর্ঘমেয়াদি অর্থায়নে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে প্রথমে খাতটির প্রতি জনগণের আস্থা ফেরাতে হবে এবং প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা পুনর্গঠন করতে হবে।
এজন্য দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের সুযোগ, শক্তিশালী সুশাসন, ঝুঁকিভিত্তিক তদারকি, কার্যকর খেলাপি ঋণ ব্যবস্থাপনা এবং আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ব্যাংকের পরিপূরক হিসেবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত অর্থায়নের ক্ষেত্র তৈরি করতে হবে।
আমি মনে করি, ভবিষ্যতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাফল্য নির্ধারিত হবে দীর্ঘমেয়াদি পুঁজি গঠন ও বিভিন্ন খাতে উৎপাদনশীল বিনিয়োগে তাদের দক্ষতা দিয়ে। ঋণ বিতরণের পরিমাণের পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে সে অর্থায়ন কতটা মূল্যবান অবদান রাখছে, সেটিই হবে সাফল্যের মূল মাপকাঠি।
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected] , [email protected] (অনলাইন)
