বেনাপোল: যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকার বেশি মূল্যের একটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। বিজিবির দাবি, সোনার বারটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটক ব্যক্তির নাম জালাল উদ্দিন শেখ (৫৫)। তিনি পিরোজপুর জেলার কালিবাড়ি উপজেলার জিয়নগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি অভিযানিক টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিন শেখের কাছ থেকে ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি সোনার বার, একটি মুঠোফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়। তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারটি পাওয়া যায়।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি সোনার বারটি নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, জব্দ করা সোনার বারের মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা, মুঠোফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ অর্থ ৩ হাজার ২৪০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছুদিন যাবত বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ওই সোনাসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবির আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে সোনাসহ পাচারকারী আটক করা সম্ভব হয়েছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।
