গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা আব্দুস সামাদের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।
রোববার (২৬ অক্টোবর) ভোর ৫ টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন গভীর রাতে বাসায় ফিরেই নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিযুক্ত আনোয়ার।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন।
এসময় সে তার বাবাকে নেশার টাকা দিতে বলে। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে এতে ক্ষিপ্ত হয়ে ছেলে আনোয়ার তার বাবার ওপর চড়াও হন।
প্রথমে তার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয় এবং মৃত্যু নিশ্চিত করতে বুকে উপর্যুপরি আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক আনোয়ার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সকালে ঘটনা জানাজানি হলে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রস্তুত করে এবং আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ারকে গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
The post নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন appeared first on দৈনিক আমার কাগজ.
