ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে যাত্রার স্বপ্ন ভঙ্গ হওয়ার পর লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ চাটার্ড ফ্লাইটে তাদের রাজধানী ত্রিপোলি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের এই স্বেচ্ছায় প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসন করা এসব নাগরিকের অধিকাংশই ইউরোপে উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় পড়ে অবৈধভাবে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সে দেশে অপহরণ ও চরম শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
সকালে বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অপরাপর মন্ত্রণালয় এবং আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানান। ফেরত আসা ব্যক্তিরা যেন নিজেদের এই দুর্বিষহ ও ভয়াবহ অভিজ্ঞতার কথা অন্য সবার সঙ্গে শেয়ার করে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে পারেন, সে জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের আহ্বান জানানো হয়।
এদিকে ফেরত আসা প্রত্যেক নাগরিককে পথখরচা, খাদ্যসামগ্রী প্রদান, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনভেদে অস্থায়ী বাসস্থানের সুবিধা দিয়েছে আইওএম।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে এখনো আটকে থাকা অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলেও নিশ্চিত করা হয়েছে।