তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার: নাসিম হোসাইন
সংবাদ বিজ্ঞপ্তি · ২৬ অক্টোবর, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন
তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। সোমবার (২৬ অক্টোবর) সিলেট নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাত সাড়ে ৯টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির পক্ষ থেকে সিলেট মহানগর বিএনপি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেয়। সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার তারুণ্যের মেধা বিকাশ, উন্নয়ন এবং খেলাধুলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সুস্থ সমাজ গঠন এবং যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন, সরকার প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশের জন্য তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও সামগ্রী পৌঁছে দিতে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের শিক্ষাঙ্গন ও তরুণ সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের উন্নয়ন ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ সমাজ। বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই উপহার স্কুলগুলোর ক্রীড়া চর্চাকে আরও বেগবান করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান এবং ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ প্রমুখ।
গুগলে আমাদের খবর পেতে
