জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক হয়েছে। বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানোর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। পুরোনো বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার রাত সোয়া ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের দাদার বাড়িতে আগুন লাগে। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দুটি ছাগলসহ কয়েকটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একটি শিশুও। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
নাহিদের অভিযোগ, নুসরাতকে কয়েক দিন ধরে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। হুমকির পর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িতে সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর থেকে তিনি একাধিকবার হুমকি পেয়েছেন। এসব ঘটনায় ঢাকার কলাবাগান থানায় জিডি করেছেন। তার দাবি, বুধবার রাতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়।
নুসরাত বলেন, সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তার কাছে পেট্রোলবোমা হামলা বলে মনে হয়েছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
হামলার পেছনে আওয়ামী লীগকে সন্দেহ করার কথা জানিয়ে নুসরাত বলেন, ‘আমার এলাকাবাসীকে আমি সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি, এটা আওয়ামী লীগেরই কাজ।’
তিনি জানান, বাড়িটি পরিত্যক্ত ছিল না। পাঁচ থেকে ছয় বছর ধরে সেখানে একটি অসহায় পরিবার বসবাস করছিল। বাড়িতে গবাদিপশুর খামারও ছিল। এ ধরনের হামলা চালিয়ে আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংসদে নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেও বিস্ফোরণের মতো শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমা নিক্ষেপের চিহ্ন কিংবা এ ধরনের ঘটনার প্রত্যক্ষ সাক্ষ্যও মেলেনি।
মন্ত্রী জানান, অতিরিক্ত পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজিবির একটি দলও তদন্ত করেছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
তার ভাষ্য, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল। একটি ছবিতে শর্টসার্কিটের মতো ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি এখনো প্রাথমিক ধারণা। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত চলছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দায়ী করা ঠিক হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাইরে থেকে কিছু নিক্ষেপের পরপরই বাড়িতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। তার অভিযোগ, তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বাড়িটিতে কেয়ারটেকারের পরিবারসহ মানুষ বসবাস করতেন। আগুনের সময় সেখানে মানুষ থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সমর্থকদের উল্লাসের বিষয়টিও তুলে ধরেন তিনি।
একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য বন্ধ করে বসে পড়েন। ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে বক্তব্য চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। এ সময় এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ও মাহমুদা আলম মিতুকেও প্রতিবাদ জানাতে দেখা যায়।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বক্তব্য দিয়ে বলেন, তদন্তের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
মাগরিবের নামাজের বিরতির পর আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার প্রসঙ্গ তুলে বলেন, ৪৮ ঘণ্টা পার হলেও ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে।
সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব।’ তিনি আরও বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’
আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নেও সরকারের অবস্থান জানতে চান তিনি। এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আশপাশে তল্লাশি চালিয়েও কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। পল্লী বিদ্যুতের কর্মীরাও পরীক্ষা করে শর্টসার্কিটের প্রমাণ পাননি।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নুসরাত তাবাসসুম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। মামলা ও যৌথ তদন্তের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।
সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।
দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ…
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো ধরনের উদ্বেগ…
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির…
নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে প্রধান নির্বাচন…
পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের…
রোববার (২৯ নভেম্বর) পরিচালিত এক অভিযানে পুলিশের বিশেষ শাখার…
দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
আজ, ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে এই আমন্ত্রণ জানান।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
আমিরাতের এই নেতা বলেন, মানবজাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।
তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার গঠন)।
এই সম্মেলন একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মঞ্চ, যেখানে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতিগুলো খুঁজে দেখেন।
বার্ষিক এই সমাবেশ অংশগ্রহণকারী দেশগুলোকে অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন ভাগাভাগি এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ করে দেয়।
সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের মতে, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনেরও বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।
এছাড়া বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদদের আকৃষ্ট করা ওই আয়োজনে সব মিলিয়ে ৬ হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে সংলাপ উৎসাহিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই অগ্রগতি এগিয়ে নিতে যৌথ কৌশল প্রণয়ন করাই এই সম্মেলনের লক্ষ্য।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো ধরনের উদ্বেগ বা শঙ্কা নেই এবং পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামানোরও কোনো পরিকল্পনা নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়ন সংক্রান্ত একটি আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে এমন কোনো চিন্তাভাবনা নেই এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়েও কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে; এটি তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।
আলাপকালে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় ঘটে যাওয়া একটি সংঘর্ষের বিষয়ও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ফজরের নামাজের পর একদল ব্যক্তি পদ্মা সেতু এলাকায় ব্যারিকেড তৈরির চেষ্টা চালিয়েছিল। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, তাদের নিজেদের মধ্যেই অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত সম্পন্ন হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এ মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার। এ প্রক্রিয়ায় আরও কিছুদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর থাকতে পারে। তবে অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে এ বাস্তবতা মেনে নিয়েই সরকারকে এগোতে হবে।
তিনি বলেন, ‘আমরা এখন অর্থনৈতিক পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছি এবং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছি। এ মুহূর্তে আমাদের প্রথম কাজ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকতে পারে। আমাদের এ বাস্তবতা মেনে নিতে হবে।’
আজ রোববার রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে ‘পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। সভাপতিত্ব করেন জিইডির সদস্য (সচিব) ড. মনজুর হোসেন। পরিকল্পনা কমিশনের সদস্যরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেল, গ্যাস ও সারের মতো প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার বড় ধরনের আর্থিক চাপের মুখে রয়েছে। আন্তর্জাতিক বাজারে বেশি দামে এসব পণ্য কিনতে গিয়ে সরকারি কোষাগারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের প্রতিদিনই সংকট সামাল দিতে হচ্ছে। বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনতে হচ্ছে। বেশি দামে এসব পণ্য আমদানি করায় সরকারি অর্থের ওপর প্রচণ্ড চাপ পড়ছে।’
আমির খসরু বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে আমদানির মাধ্যমেও মূল্যস্ফীতির চাপ বহন করতে হচ্ছে। আমদানিজনিত মূল্যস্ফীতি সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নেই। তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কিছুটা সুযোগ রয়েছে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর শুল্ক কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির চাপ কমানোর চেষ্টা চলছে। তবে মূল্যস্ফীতি আরও কমিয়ে আনা জরুরি।
অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রথম বছরটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা অর্জনের জন্য বিশেষভাবে কঠিন হবে। তবে পরবর্তী বছরগুলোতে অর্থনীতিতে আরও শক্তিশালী গতি ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, ‘প্রথম বছরটি খুব কঠিন হবে। কিন্তু চতুর্থ বা পঞ্চম বছরেও যদি বলি আমরা পুনরুদ্ধার বা স্থিতিশীলতার পর্যায়ে রয়েছি, তা হতে পারে না। চতুর্থ ও পঞ্চম বছর হতে হবে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে।’
অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, অগ্রগতির চিত্র দেখাতে সরকার কোনো বিভ্রান্তিকর পরিসংখ্যান উপস্থাপন করবে না। অর্থনীতির প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, ‘একটি উন্মুক্ত সরকারের লুকানোর কিছু নেই। তথ্য গোপন করে কোনো সরকার দেশ পরিচালনা করতে পারে না। ভুল পরিসংখ্যান দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইলে শেষ পর্যন্ত সরকারেরই ক্ষতি হবে।’
অর্থমন্ত্রী বলেন, পুনরুদ্ধার প্রক্রিয়ায় অর্থনীতির কিছু সূচক প্রত্যাশার তুলনায় দুর্বল থাকতে পারে। তবে কেন এমন হচ্ছে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি সংশোধনে সরকার সঠিক পথে এগোচ্ছে কি না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে উন্নতি করা হবে, তা জনগণকে জানাতে হবে।
ব্যাংক খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও আর্থিক দায়ের কারণে এ খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ধাপে ধাপে পুনরুদ্ধার প্রক্রিয়া চালাতে হবে।
তিনি বলেন, এ মুহূর্তে সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার আশঙ্কা একসময় এ খাতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আমানতকারীদের আশ্বস্ত করেছি, তাদের টাকা নিরাপদ এবং তারা তা ফেরত পাবেন। কোনো ধরনের হেয়ারকাট বা আমানতের অর্থ কেটে রাখা হবে না। তাদের কিছুটা ধৈর্য ধরতে হবে।’
সরকারের এ আশ্বাসের ফলে ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এখন ব্যাংকগুলোতে নিট আমানতের প্রবাহ বাড়ছে।
পুঁজিবাজার সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বিগত বছরগুলোর অনিয়ম ও কারসাজির কারণে এ বাজারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে পুঁজিবাজার অনেকটা ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল। এতে ভালো ও মানসম্পন্ন অনেক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ হারায়।
তিনি বলেন, পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামো সংস্কার করা হয়েছে এবং নতুন কমিশন গঠন করা হয়েছে। কমিশনটি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত। এতে কোনো রাজনৈতিক নিয়োগ নেই।
সংস্কারের পর বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারকে শক্তিশালী করতে আরও ভালো ও মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে।
বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াল স্ট্রিটে বিশ্বের শীর্ষস্থানীয় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, ওই বৈঠকে ১৭টি শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলার।
তিনি বলেন, ‘এটি বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন। তারা বিশ্বাস করেন, বাংলাদেশের ভবিষ্যৎ রয়েছে এবং দেশের পুঁজিবাজারেরও সম্ভাবনা আছে।’
পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামোর পটভূমি তুলে ধরে আমির খসরু বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কাঠামোর ধারণা তৈরি হয়নি। এর ভিত্তি রয়েছে ২০১৬ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রণীত দলের দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা ‘ভিশন ২০৩০’-এ।
তিনি বলেন, ওই পরিকল্পনা তৈরিতে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছিল। পরবর্তী সময়ে ২৭ দফা ও ৩১ দফার মতো রাজনৈতিক কর্মসূচি এবং বিভিন্ন পর্যায়ের মতবিনিময়ের মধ্য দিয়েও বর্তমান কাঠামোর ধারণা বিকশিত হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘সরকার গঠনের পর হঠাৎ করে এ ধারণা তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের চিন্তাভাবনা, আলোচনা ও মতবিনিময়ের ফল।’
তিনি বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে ব্যাপক আলোচনা ও পরামর্শের ভিত্তিতে এ কাঠামো তৈরি করা হয়েছে। এতে সরকারের রাজনৈতিক দর্শন ও উন্নয়ন অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। দেশের প্রধান উন্নয়ন সহযোগীরাও এ কাঠামোর সঙ্গে একমত হয়েছেন।
তিনি বলেন, ‘বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফ, আইডিবি, এআইআইবি ও জাইকার মতো সব উন্নয়ন সহযোগী এ পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর সঙ্গে একমত।’
তবে উন্নয়ন সহযোগীদের সমর্থনই কাক্সিক্ষত সাফল্য নিশ্চিত করবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এর বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব বুঝতে হবে এবং অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘এ কাঠামো আমাদের একটি রূপরেখা ও কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা এটি কীভাবে বাস্তবায়ন করব। নিজেদের চিন্তা ও কাজের মধ্যে এ কাঠামোকে ধারণ করতে হবে এবং যার যার দায়িত্ব নির্ধারণ করতে হবে।’
অর্থমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য ঘাটতি, প্রতিবন্ধকতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা চিহ্নিত করার আহ্বান জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, দেশের কর্মসংস্থানের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়েই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি অর্জনে প্রয়োজন কৌশলগত পরিকল্পনা, বড় বিনিয়োগ এবং বেসরকারি খাত, সরকার ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) সমন্বিত অংশগ্রহণ।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাছাই ও বাস্তবায়নের ক্ষেত্রে সরকার চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো- অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের অর্থনৈতিক সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।
অর্থমন্ত্রী বলেন, ‘যেকোনো বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সর্বোত্তম ব্যবহার হচ্ছে কি না, অর্থনৈতিক সুফল কতটা পাওয়া যাবে, কর্মসংস্থান কতটা সৃষ্টি হবে এবং পরিবেশের ওপর কী প্রভাব পড়বে— এসব বিষয় বিবেচনায় নিতে হবে।’
তিনি বলেন, সরকারি ব্যয় শুধু বাড়ালেই হবে না। এ ব্যয় থেকে পরিমাপযোগ্য অর্থনৈতিক সুফল ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ মূল্যায়ন করে সেগুলোর প্রকৃত সুফল ও অর্থনৈতিক প্রতিফলন যাচাই করতে হবে।
অর্থমন্ত্রী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) স্বাধীনভাবে কাজ করার নির্দেশনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে বিবিএসকে সরকারের প্রভাবমুক্ত থেকে সঠিক তথ্য প্রকাশ করতে বলা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বিবিএসকে বলেছি, সরকারের প্রভাবে প্রভাবিত হওয়া যাবে না। অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে হবে।’
গবেষকদের তথ্য ব্যবহারের সুযোগ বাড়াতে বিবিএসে একটি গবেষণা সুবিধা প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তথ্যপ্রাপ্তি আরও সহজ করতে অনলাইনে উপাত্ত উন্মুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
পাঁচ বছর মেয়াদি উন্নয়ন কাঠামো বাস্তবায়নে শুধু সরকারের ওপর নির্ভর না করে বেসরকারি খাত, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), শিক্ষাবিদ ও পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা শুধু সরকারি পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। বেসরকারি খাত, এনজিও ও শিক্ষাবিদদের সঙ্গে নিয়মিত আলোচনা করছি। কারণ জনগণকে বাইরে রেখে কোনো সরকারের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শুধু নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকলে এ কাঠামো বাস্তবায়ন সম্ভব হবে না। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, ‘শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষে এ কাঠামো বাস্তবায়ন সম্ভব নয়। যেখানে প্রয়োজন, সেখানে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করুন।’
সম্মিলিত উদ্যোগ ও নির্ধারিত সময়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ কাঠামোর লক্ষ্য অর্জন সম্ভব বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের প্রয়োজনীয় মানবসম্পদ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোকে একটি চলমান দলিল হিসেবে রাখার ওপর গুরুত্ব দেন তিনি। বাস্তবায়নের সময় বিভিন্ন অংশীজনের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রাখতে হবে। সূত্র: বাসস
নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতির বাইরে নির্বাচন কমিশনের (ইসি) দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। স্বচ্ছতা বজায় রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, মাঠে ফাউল করার জন্য যাতে কেউ না থাকে, সেজন্য ইসি রেফারির ভূমিকায় থাকবে।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপে এ কথা বলেন তিনি।
গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন অত্যন্ত জরুরি অভিহিত করে সিইসি মন্তব্য করেন, উন্নত বিশ্বে নির্বাচনের আগে ফ্রি, ফেয়ার, ইকুইটেবল ও নিউট্রাল-এর মতো বিশেষণ ব্যবহারের রীতি না থাকলেও বাংলাদেশে তা উল্লেখ করতে হয়। ভোটাররা নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরবেন, এটাই নির্বাচনের আসল অর্থ। রাজনৈতিক দলগুলোর সহায়তায় এমন বিশেষণমুক্ত প্রকৃত নির্বাচন নিশ্চিত করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দলগুলোসহ সব অংশীজনের সহযোগিতার কারণেই কোনো ধরনের সহিংসতা ছাড়াই একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছিল, যার প্রশংসা দেশি-বিদেশি পর্যবেক্ষকরাও করেছেন।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এএমএম নাসির উদ্দিন জানান, গ্রামাঞ্চলের কোটি কোটি মানুষ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন সেবা পেয়ে থাকেন। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বর্তমানে তারা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা গণমাধ্যমেও নিয়মিত প্রকাশিত হচ্ছে। এ কারণেই ইউনিয়ন পরিষদ ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায় কমিশন। দেশে প্রায় ৪ হাজার ৫১৮টি ইউনিয়ন পরিষদ থাকায় একসঙ্গে না করে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আগামী জানুয়ারিতে প্রথম ধাপের নির্বাচন শুরু হবে।
আসন্ন ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলে স্পষ্ট করে সিইসি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইসির নির্ধারিত স্থানীয় সরকার নির্বাচনের প্রতীকে লড়বেন। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থন ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রার্থীরা মাঠে থাকবেন। এলাকায় জাতীয় পর্যায়ের নেতাদের প্রভাব ও প্রতিপত্তি থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রচুর সহিংসতা ও নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দেয়। নির্বাচনে কী কী চ্যালেঞ্জ আসতে পারে তা আগে থেকে ধারণা করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, মাঠের বাস্তবতা সবারই জানা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন। তাই সবাইকে নিয়ে সম্মিলিতভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা চান তিনি।
এই সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকারের দেওয়া তথ্যানুযায়ী, প্রথম দিনের এ আলোচনায় ১৫টি দলের প্রতিনিধিরা অংশ নেন। দলগুলো হলো জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
পাকিস্তানে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ রোববার ভোর ৪টা ২০ মিনিটে তিনি ঢাকায় এসে পৌঁছান।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
এ সময় বিমানবন্দরে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
রোববার (২৯ নভেম্বর) পরিচালিত এক অভিযানে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে সহিংস কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে ডিবির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে মনিরুল ইসলামের স্ত্রী এবং দুই শ্যালক থাকলেও তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পাশাপাশি ঠিক কোন স্থান থেকে এবং কখন তাদের ধরা হয়েছে, সে সংক্রান্ত বিস্তারিত বিবরণও তাৎক্ষণিকভাবে মেলেনি।
প্রসঙ্গত, মনিরুল ইসলাম অতীতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং এসবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুর্নীতি ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান পরিচালনাসহ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর পূর্বে, মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। ওই হিসাবগুলোতে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা গচ্ছিত থাকার তথ্য পাওয়া যায়।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশের জন্য নির্ধারিত ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। ঘাটতি পূরণে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। এতে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।
জ্বালানি আমদানিনির্ভরতার এই ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে জ্বালানির মজুত সক্ষমতা বৃদ্ধি ও নতুন এলএনজি অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, দেশের জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে সরাসরি এর প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয় বাড়ে, রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়। পাশাপাশি বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে পণ্য ও সেবার দাম তথা মূল্যস্ফীতিতে।
জ্বালানি খাতের আর্থিক চাপের চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, সরকার একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানিনির্ভর জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
জ্বালানি নিরাপত্তা জোরদারে ডিজেলের মজুত বাড়ানোর কথাও জানান তিনি। দায়িত্ব নেওয়ার সময় দেশে ডিজেলের মজুত ছিল ১৭ দিনের। বর্তমানে তা বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো জ্বালানি মজুত গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।
২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের পরিকল্পনা রয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
দেশের গ্যাস সরবরাহ সক্ষমতা বাড়াতে নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তবে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য সচিব হাসান মেহেদী। তার মতে, এলএনজি আমদানিতে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, তা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা হলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানো সম্ভব।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে একটি সমন্বিত জাতীয় জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। একই সঙ্গে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ব্যবহারের মেয়াদ শেষ হলে সৌর প্যানেল ও সংশ্লিষ্ট সরঞ্জামের বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে হবে, সে বিষয়েও কার্যকর পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ মো. আশানুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে আমদানিনির্ভরতা, সরকারি ভর্তুকি এবং আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার ঝুঁকি কমবে।
তবে দীর্ঘমেয়াদি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। তার ভাষ্য, ব্যাংকগুলো মূলত স্বল্পমেয়াদি আমানতের ওপর নির্ভরশীল। ফলে ৮ থেকে ১২ বছর মেয়াদি বিনিয়োগ প্রয়োজন এমন প্রকল্পে অর্থায়ন কঠিন হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে গ্রিন বন্ড ও সুকুক ব্যবহারের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
অন্যদিকে, সরকারের ঘোষণা ও বাস্তব নীতিমালার মধ্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। তার মতে, নীতিগত এই অসংগতির কারণে বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।
সম্মেলনে নীতিনির্ধারক, জ্বালানি খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা দেশের জ্বালানি নিরাপত্তা, আমদানিনির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
