কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে হত্যা, ডাকাতি, ধর্ষণ, চুরি ও মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি তৌহিদকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা-পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে গ্রেপ্তারের পর অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, তৌহিদ দীর্ঘদিন ধরে গরু চুরি এবং প্রবাসীদের বাড়িঘর ও সড়কে ডাকাতির ঘটনায় জড়িত। এলাকায় তিনি ডাকাত দলের সরদার হিসেবেও পরিচিত। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
তাদের দাবি, তৌহিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার অপরাধের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। স্থানীয়দের মতে, তৌহিদ গ্রেপ্তার হওয়ায় এলাকায় চুরি ও ডাকাতির মতো অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসীর আরও অভিযোগ, নবী হোসেনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকা তৌহিদ অল্প সময়ে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদের উৎস তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তৌহিদকে গ্রেপ্তারের পর অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে পুলিশের তদন্ত ও আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাটা এলাকার ঈদগড় বড় খালে দীর্ঘদিন ধরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি পলি জমে খালের গতিপথেও পরিবর্তন ঘটছে। খালের উত্তর পাশে দীর্ঘদিন ধরে বালুচর জেগে ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে দক্ষিণ পাশে বিশাল এলাকা খালগর্ভে বিলীন হচ্ছে। এতে একের পর এক বসতভিটা ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন স্থানীয় অনেক পরিবার।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে ভাঙন অব্যাহত থাকলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে খালভাঙনে অনেকের বসতঘর ও জায়গাজমি বিলীন হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে অদূর ভবিষ্যতে ঈদগড়-বউঘাটা সড়ক খালগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে বসতবাড়ি, ফসলি জমি ও এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ফরিদ আহমদ, নুরুল আলমসহ এলাকাবাসী বলেন, খালের ভাঙনের কারণে আমাদের এলাকার বহু মানুষ বসতভিটা হারিয়েছেন। উত্তর পাশে বালুচর জমে খাল ভরাট হচ্ছে, আর দক্ষিণ পাশে প্রতিনিয়ত ভাঙন চলছে। এভাবে চলতে থাকলে একসময় বউঘাটা সড়কের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
তাঁরা আরও বলেন, ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ ও ব্লক স্থাপনসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় আরও বহু পরিবার নিঃস্ব হয়ে পড়বে।
এলাকাবাসী ঈদগড় বড় খালের ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, সময়মতো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে ভাঙনের কবল থেকে রক্ষা পাবে ঈদগড়-বউঘাটা সড়ক, বাঁচবে মানুষের বসতভিটা ও শেষ আশ্রয়স্থল।
চিকিৎসাসেবা, চিকিৎসাবিজ্ঞানবিষয়ক গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগের লক্ষ্যে কক্সবাজার মেডিকেল কলেজে ‘স্মার্টডক এআই’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) কক্সবাজার মেডিকেল কলেজের আয়োজনে এই কর্মশালায় ৭০ জনেরও বেশি চিকিৎসককে এআই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এরিস্টোফার্মা লিমিটেডের বৈজ্ঞানিক সহযোগিতা এবং দ্য ওয়েলনেস ডেস্কের প্রশিক্ষণ সহযোগিতায় এতে প্রশিক্ষক ছিলেন মো. তানভীর খান।
প্রশিক্ষণে চিকিৎসকদের দৈনন্দিন পেশাগত কার্যক্রম, চিকিৎসাবিজ্ঞানবিষয়ক গবেষণা, বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান, গবেষণাপত্র পর্যালোচনা, একাডেমিক লেখালেখি, উপস্থাপনা তৈরি এবং রোগীদের সঙ্গে কার্যকর যোগাযোগের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কের স্পষ্ট ধারণা দেওয়া হয়।
এছাড়া চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি, নোটবুকএলএম, গামা, গুগল ফ্লো, কনসেনসাস, রিসার্চ র্যাবিট এবং জেনি এআইসহ বিভিন্ন আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় চিকিৎসকদের।
এ ছাড়া চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক তথ্যের সত্যতা যাচাই, বৈজ্ঞানিক তথ্যসূত্র যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি তথ্যের নির্ভরযোগ্যতা মূল্যায়ন এবং স্বাস্থ্যসংক্রান্ত ভুল তথ্য ও অপতথ্য শনাক্ত করার বিভিন্ন কৌশল শেখানো হয়। জনসাধারণের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক ও সহজবোধ্য স্বাস্থ্যবিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট, শিক্ষামূলক ভিডিও এবং দৃশ্যভিত্তিক উপকরণ তৈরির ওপরও বিশেষ প্রশিক্ষণ পান চিকিৎসকগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শাকিল ওয়ায়েজ।
সহযোগী অধ্যাপক ডা. মো. অহিদুল হেলালের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নূর হোসেন ভূঁইয়া।
চিকিৎসকদের নিয়ে এই কর্মশালা প্রসঙ্গে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে চিকিৎসাবিজ্ঞান, চিকিৎসাবিষয়ক গবেষণা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই পরিবর্তনের সঙ্গে আমাদের চিকিৎসকদেরও নিজেদের প্রস্তুত করতে হবে। প্রযুক্তিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; বরং প্রযুক্তিকে আয়ত্ত করে নিজেদের পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই একজন চিকিৎসকের বিকল্প নয়। এটি চিকিৎসকের জ্ঞান, দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করার একটি সহায়ক মাধ্যম। এর ব্যবহারে চিকিৎসাবিজ্ঞানের নৈতিকতা, রোগীর তথ্যের গোপনীয়তা এবং চিকিৎসকের নিজস্ব বিচারবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
অধ্যক্ষ বলেন, “আমাদের দায়িত্ব শুধু চিকিৎসক তৈরি করা নয়; বরং তাঁদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী, দক্ষ, মানবিক ও প্রযুক্তিসমৃদ্ধ চিকিৎসক হিসেবে গড়ে তোলা। সেই জায়গা থেকে ‘স্মার্টডক এআই’-এর মতো প্রশিক্ষণ উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।”
এমন একটি সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে পাশে থাকায় এরিস্টোফার্মা লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ। একই সঙ্গে চিকিৎসকদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সহজ, বাস্তবমুখী ও প্রয়োগভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে তুলে ধরার জন্য দ্য ওয়েলনেস ডেস্ককে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাকিল ওয়ায়েজ বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয়, চিকিৎসাসংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে চিকিৎসকদের এআই বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন জরুরি। চিকিৎসকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে এমন একটি সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে এ উদ্যোগে সহযোগিতার জন্য এরিস্টোফার্মা লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দ্য ওয়েলনেস ডেস্কের সম্পাদক আবু হানিফ নোমান বলেন, “একটি স্বাস্থ্যবিষয়ক বিশেষায়িত গণমাধ্যম হিসেবে আমরা শুধু স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রচার ও জনসচেতনতা তৈরির মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই না; চিকিৎসকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রায়ও সক্রিয় ভূমিকা রাখতে চাই। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই ‘স্মার্টডক এআই’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রশিক্ষণে আমাদের প্রশিক্ষক মো. তানভীর খান কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন প্রযুক্তি ও এর ব্যবহারিক প্রয়োগ চিকিৎসকদের কাছে সহজ ও কার্যকরভাবে তুলে ধরেছেন। চিকিৎসকদের শেখার আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অত্যন্ত আনন্দিত করেছে। কক্সবাজার মেডিকেল কলেজের ৭০ জনেরও বেশি চিকিৎসককে এআইবিষয়ক প্রশিক্ষণ দিতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও চিকিৎসাপ্রতিষ্ঠানে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে চাই।”
এরিস্টোফার্মা লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ রবিউল হোসেন বলেন, “দেশের চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রা এবং চিকিৎসকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা করাকে এরিস্টোফার্মা তার প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার অংশ বলে মনে করে। চিকিৎসকদের জ্ঞানচর্চা, উচ্চতর শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষ অর্জনে এরিস্টোফার্মা সব সময় তাঁদের পাশে রয়েছে। সেই ধারাবাহিকতায় ‘স্মার্টডক এআই’ প্রশিক্ষণ কর্মসূচি একটি অনন্য দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে চিকিৎসকদের দক্ষ করে তোলা ভবিষ্যতের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কক্সবাজার মেডিকেল কলেজে আয়োজিত এমন একটি সময়োপযোগী ও উদ্ভাবনী প্রশিক্ষণ কর্মসূচির বৈজ্ঞানিক সহযোগী হতে পেরে আমরা গর্ববোধ করছি। ভবিষ্যতেও চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”
প্রতিষ্ঠার ১৮ বছরের পথচলায় কক্সবাজার মেডিকেল কলেজের চিকিৎসা শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রমে এ ধরনের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ সংযোজন। চিকিৎসকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, গবেষণায় দক্ষতা অর্জন এবং ভবিষ্যতের স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তোলাই ‘স্মার্টডক এআই’ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
চিকিৎসকদের পেশাগত সহায়ক হিসেবে এমন কর্মসূচি যথেষ্ট প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডাক্তার এ কে এম হারুন অর রশিদ। প্রশিক্ষণকে বাস্তবে কাজে লাগাতে পারলে চিকিৎসগণ পেশাগতভাবে উপকৃত হবেন বলে জানান ডাক্তার এম ফরহাদ।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৩১৭ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি ও পাঁচজন রোহিঙ্গা নাগরিক।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ২৭০ জন বাংলাদেশি এবং ৪৭ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ২৯৫ জন পুরুষ ও ১৮ জন নারী। নারী ভুক্তভোগীদের মধ্যে একজন বাংলাদেশি এবং ১৭ জন রোহিঙ্গা নাগরিক। এছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন রোহিঙ্গা শিশু রয়েছে।
আটক সাত মানবপাচারকারী হলেন, এনাম উল্লাহ (৩৬), মো. জোবাইর (৫২), মো. রশিদ (৩৫), আব্দুল্লাহ মন্নান (৪৩), মছিউল্লাহ (৩১), রশিদ উল্লাহ (৩৭) ও ফয়েজ উল্লাহ (৩৫)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সমুদ্রপথে মানবপাচার রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, টেকনাফ থানাধীন বাহারছড়ার বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষকে একটি বোটে করে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯ নভেম্বর ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, স্টেশন ইনানি ও আউটপোস্ট বাহারছড়ার সমন্বয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের আভিযানিক দল একটি সন্দেহজনক বোট দেখতে পেয়ে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় বোটটি আটক করতে সক্ষম হন।
আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩১৭ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি রোহিঙ্গাদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে আসছিল। এসব চক্রের সদস্যরা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করছিল।
এভাবে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নারী, পুরুষ ও শিশুদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় ঠেলে দেওয়া হচ্ছে। এতে সাগরে দুর্ঘটনা, নিখোঁজ হওয়া, প্রাণহানি এবং বিদেশে গিয়ে মানবিক বিপর্যয়ের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। কোস্ট গার্ড আরও জানানো হয়, উদ্ধার হওয়া ভুক্তভোগী, আটক বোট এবং মানবপাচারের সঙ্গে জড়িত অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, সমুদ্রপথে মানবপাচার একটি গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
