পাঁচ দিনের দ্বিপক্ষীয় সফরে আজ সোমবার (২৬ অক্টোবর) স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফরের প্রথম ধাপে তিনি স্পেনের সেভিল শহরে ‘দৃঢ়তর অংশীদারি, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এই এক্সপোর মূল লক্ষ্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, ব্যবসায়ী নেটওয়ার্ক বৃদ্ধি এবং দেশীয় রপ্তানিকারকদের সাথে স্প্যানিশ আমদানিকারক ও বিনিয়োগকারীদের সরাসরি সংযোগ ঘটিয়ে দেওয়া।
সফরকালে স্পেনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাঁর বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে।
স্পেন সফর সম্পন্ন করে আগামী ২৯ ও ৩০ অক্টোবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্য সফর করবেন। তাঁর এই সফরে প্রাধান্য পাবে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার এবং সৃজনশীল অর্থনীতির বিকাশ ঘটানো।
যুক্তরাজ্য অবস্থানকালে শামা ওবায়েদ বিশ্বমঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারির নতুন নতুন সুযোগ অনুসন্ধানে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন। আগামী ৩১ অক্টোবর সফর শেষে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
