বরিশালের উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা মো. কাঞ্চন মোল্লাকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
কাঞ্চন মোল্লা উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দলীয় সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত এক নির্দেশে ২৫ অক্টোবর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে মো. কাঞ্চন মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, কাঞ্চন মোল্লা যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। তবে বহিষ্কারের বিষয়ে কাঞ্চন মোল্লার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, শুধু ৬ নম্বর আসামি নয়, পলাতক সব আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলা গ্রামে যুবদল কর্মী কাওছার হাওলাদারকে (৩২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
হত্যাকাণ্ডের পর ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা এলাকা থেকে মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রোববার সর্বস্তরের এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন।
এর আগে শনিবার দুই আসামির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। একই দিন নিহত কাওছারের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।