ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পথে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) দেওয়া তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৫ লক্ষ ৫০ হাজার ৪৮ জন পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ৩ লক্ষ ৭৩ হাজার ৪১৯ জন আবেদনপত্র পূরণ করে পরীক্ষার ফি জমা দিয়েছেন।
এনটিএ তাদের সরকারি সমাজমাধ্যমে জানিয়েছে, যাঁরা এখনও আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তাঁরা যেন দ্রুত বাকি ধাপগুলি শেষ করেন। এনটিএ-র তথ্য অনুযায়ী, ২৫ অক্টোবর পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট ৫ লক্ষ ৫০ হাজার ৪৮ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করলেও তাঁদের সকলের আবেদন সম্পূর্ণ হয়নি। ৩ লক্ষ ৭৩ হাজার ৪১৯ জন আবেদনপত্র পূরণ করে ফি জমা দিয়েছেন। অন্য দিকে, ১ লক্ষ ৩৬ হাজার ৯৯৩ জনের ছবি ও স্বাক্ষর আপলোড এবং ফি জমা দেওয়ার প্রক্রিয়া বাকি রয়েছে। আরও ৩১ হাজার ৫৮০ জন ছবি ও স্বাক্ষর আপলোড করলেও পরীক্ষার ফি জমা দেননি।
ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬ পরীক্ষার জন্য সাধারণ নিয়মে আবেদন করার শেষ দিন ২৮ অক্টোবর। ওই দিন রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন না, তাঁরা ৫০০ টাকা অতিরিক্ত লেট ফি দিয়ে ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগও দেওয়া হবে। সংশোধনের জন্য ২ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত উইন্ডো খোলা থাকবে। ৪ নভেম্বর রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে।
এনটিএ-র সূচি অনুযায়ী, ইউজিসি নেট ডিসেম্বর ২০২৬ পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে (সিবিটি) আয়োজিত হবে। পরীক্ষা হবে ১৪ থেকে ১৮ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর। মোট ৮৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। আবেদন করতে হবে ইউজিসি নেটের সরকারি ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ।
