হড়পা বান ও তার জেরে হওয়া দুর্ঘটনায় নিখোঁজদের তালিকা প্রকাশ করেছে নেপাল সরকার। ২১৩ জনের সেই তালিকায় ১৭৮ নম্বরে নাম রয়েছে প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ এবং শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। এই ২১৩ জনকেই মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। ওই তালিকা নিয়ে এ বার প্রশ্ন তুললেন শুভ্রাংশু। গোটা প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শুভ্রাংশু রায়ের প্রশ্ন, কী ভাবে নেপাল সরকার এত দ্রুত তালিকা প্রকাশ করল? নিখোঁজদের মৃত বলে ধরে নিয়ে কেন এত তাড়াতাড়ি পরিবারের কাছে তালিকা পাঠানো হচ্ছে, সেই প্রশ্নও করেছেন তিনি। ওই তালিকায় কোনও আপত্তি থাকলে ২ ডিসেম্বরের মধ্যে তা জানাতে বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে নেপাল দূতাবাসে ই-মেল করেছেন শুভ্রাংশু রায়।
শুভ্রাংশুর দাবি, এখনও পর্যন্ত নেপালের হড়পা বানে নিখোঁজদের শেষ অবস্থানের কোনও সিসিটিভি ফুটেজ সামনে আসেনি। তাঁদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সম্পর্কেও কোনও তথ্য মেলেনি। এমনকী, যে গাড়িতে তাঁরা গিয়েছিলেন, সেই গাড়িরও কোনও হদিস পাওয়া যায়নি। তা হলে কীসের ভিত্তিতে এত দ্রুত এই তালিকা প্রকাশ করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর আরও অভিযোগ, কিছু পর্যটন সংস্থা এবং নেপালের পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণেই বিষয়টি নিয়ে নেপাল সরকার দায় ঝেড়ে ফেলতে চাইছে কি না সেই প্রশ্নও তুলেছেন তিনি। গোটা ঘটনায় স্বচ্ছ তদন্ত করে নিখোঁজদের প্রকৃত অবস্থানের তথ্য চাই বলে দাবি জানিয়েছেন তিনি।
কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তালিকা পোস্ট করা হয়েছিল। মোট ২১৩ জনের নাম রয়েছে তাতে। ওই তালিকায় ১৭৮ নম্বরে নাম রয়েছে শর্মিষ্ঠা ভৌমিক রায়ের। তালিকা নিয়ে আপত্তি থাকলে ২ ডিসেম্বরের মধ্যে পরিবারের তরফে জানাতে বলা হয়েছে। পরিবারের বক্তব্য শুনে, তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সে দেশের সরকার। তার পরেই নির্দিষ্ট নিয়ম মেনে তালিকায় থাকা ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করা হবে।