বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু দল ‘দাদাভাই বাহিনী’র সঙ্গে বন্দুকযুদ্ধ চালিয়ে জিম্মি থাকা পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় একটি একনলা বন্দুক, ছয়টি ফাঁকা কার্তুজ ও তিনটি দেশি ধারালো অস্ত্র জব্দ করা হয়। আজ মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দাদাভাই বাহিনী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণের জন্য জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকীর সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালান। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান।
একপর্যায়ে জিম্মি জেলেদের রেখে দস্যুরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবিউল ইসলাম ও বিল্লাল হোসেন এবং খুলনার কয়রা উপজেলার আলাউল ইসলাম, নওশেন মোড়ল ও শাহিনুর রহমান।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

