কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৯৪৮ সালের ৪৭ নম্বর প্রস্তাব অনুযায়ী এ গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কাশ্মীরের কালো দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংহতি সমাবেশে বক্তারা এ দাবি জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, ১৯৪৭ সালের এই দিনে ভারতীয় সেনারা শ্রীনগরে প্রবেশ করে কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কাশ্মীরিদের অধিকার কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি তাদের মর্যাদা, স্বাধীনতা ও নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন।
তিনি বলেন, গণভোটে কাশ্মীরের মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিলে ভারতকে তা মেনে নিতে হবে।
খোমেনী ইহসান আরও বলেন, গত আট দশকে কাশ্মীরে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে কাশ্মীরিরা বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার আটক, হেফাজতে মৃত্যু, গুম, নির্যাতন, ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন। এসব নিপীড়ন বন্ধে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে খোমেনী ইহসান বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামগুলোতে কাশ্মীরের জনগণের অধিকারের পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সোচ্চার ভূমিকা প্রত্যাশা করেন তারা।
সমাবেশে আরও বক্তব্য দেন প্যান ইসলামিক মুভমেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা জামাল ভূঁইয়া, জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব ডা. নাবিল আহমদ, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুভ ও শাহ ফেরদৌস হাসান নাজমুল।
এ সময় উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমীর চেয়ারম্যান মো. আব্দুল জব্বার এবং জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইদুল ইসলাম, সেলিম রেজা বাচ্চুসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।