বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সিনিয়র সাংবাদিক ও দৈনিক কর্ণফুলীর সাবেক জেলা প্রতিনিধি নাছিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে সময় টিভির বান্দরবান প্রতিনিধি এন এ জাকির নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিকেল ৪টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা ও রুমা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল দে।
সভাপতি পদে নাছিরুল আলম ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. ওসমান গনি পেয়েছেন ১৮ ভোট। সহসভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নীলগিরির সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক লিটন। এ পদে মিনারুল হক ৮, এম এ হাকিম চৌধুরী ৭ এবং মো. হোসাইন সম্রাট ৪ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে এন এ জাকির ৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী টিংশেপ্রু মংটিং মারমা পেয়েছেন ৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে এখন টিভির জেলা প্রতিনিধি রিজভী রাহাত ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী পেয়েছেন ২ ভোট। কোষাধ্যক্ষ পদে জি টিভির জেলা প্রতিনিধি মো. ইসহাক ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে কৌশিক দাশ গুপ্ত পেয়েছেন ৭ ভোট।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত বান্দরবান প্রেস ক্লাবের এ নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল। আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনে প্রেস ক্লাবের ৩৯ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
আরএআর
