জান্নাত প্রার্থনা ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউজুবিকা মিনান-নার।’ অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।’ (আবু দাউদ : ৭৯৩)। আনাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত তখন বলে, ‘হে আল্লাহ! এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। পক্ষান্তরে যে ব্যক্তি তিনবার জাহান্নামের আগুন থেকে মুক্তি চেয়ে দোয়া করে, জাহান্নাম বলে, ‘হে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও।’ (তিরমিজি : ২৫৭২; তাহকিককৃত, জান্নাতের বিবরণ অধ্যায়)
দোয়া ইউনুস : ‘লা ইলাহা ইল্লা আন্তা, সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জ্বলিমিন।’ অর্থ : ‘তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই; তুমি পূত-পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত।’ (সুরা আম্বিয়া : ৮৭)। ফজিলত : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মাছের পেটে ইউনুস (আ.) এই দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন।’ (আহমাদ, তিরমিজি, মেশকাত : ২২৯২)
তাওবার দোয়া : ‘আস্তাগফিরুল্লা-হাল্লাজি লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।’ অর্থ : ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক। আর আমি তাঁর দিকেই ফিরে যাচ্ছি (তাওবা করছি)।’ ফজিলত : রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, হে মানুষ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো। কেননা আমি তাঁর কাছে দৈনিক ১০০ বার করে তাওবা করি। (মুসলিম, মেশকাত : ২৩২৫)
ঋণমুক্তির দোয়া : ‘আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’ অর্থ : ‘হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী কোরো না এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো।’ ফজিলত : আলী (রা.)-কে রাসুলুল্লাহ (সা.) এই দোয়া শিখিয়েছেন। আলী (রা.) বলেন, এই দোয়া পাঠ করলে আল্লাহই ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি ঋণ পর্বতসমানও হয়।’