Published on
:
2 min read
সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। বিভিন্ন জেলাতেও সেই ছবি। তা হলে কি ঘূর্ণিঝড় অর্ণবের পরোক্ষ প্রভাব থেকেও পুরোপুরি মুক্ত থাকবে বাংলা? আবহাওয়া দপ্তর একেবারেই তেমন আশ্বাস দিচ্ছে না। বরং মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে অর্ণব। ফুঁসতে শুরু করেছে সে। তার প্রভাবে ওড়িশা-অন্ধ্র উপকূলে ঝড়বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার বেলা যত বাড়বে, এই দুই রাজ্যে দাপট বাড়ছে বৃষ্টির। আজ বাংলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বুধবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, শহরতলিতে যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় অর্ণব। বিকেল সাড়ে ৫টায় তীব্র ঘূর্ণিঝড়ের (Severe Cyclonic Storm) চেহারা নেয় সে। রাত সাড়ে ১১টায় IMD আপডেট দেয়, অর্ণব অতি তীব্র ঘূর্ণিঝড় অর্থাৎ Very Severe Cyclonic storm-এর রূপ নিয়েছে। অর্থাৎ মাত্র ৬ ঘণ্টাতেও এতটা শক্তি বাড়িয়ে ফেলেছে।
এক নজরে
মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে তীব্র ঘূর্ণিঝড় থেকে আরও শক্তি সঞ্চয় করে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব'।
বুধবার দুপুরের আগে অন্ধ্র উপকূলে (ইয়ানাম সংলগ্ন এলাকায়) ল্যান্ডফলের সময় সর্বোচ্চ ১৪০ কিমি বেগে ঝড় বইতে পারে।
অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলে ইতিমধ্যেই চরম সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
অন্ধ্রে ল্যান্ডফলের পর ঝড়টি ডানদিকে বাঁক নেওয়ায় দক্ষিণ ২৪ পরগনা থেকে পশ্চিম বর্ধমান পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতি ও শুক্রবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
সময় যত এগোবে, তা আরও শক্তি নিয়ে স্থলভাগের দিকে এগোতে শুরু করবে। আবহাওয়া দপ্তর আজ সকাল ৮টায় যে আপডেট দিয়েছে, তাতে অর্ণব এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। বিশাখাপত্তনমের দক্ষিণ দিকে ইয়ানাম উপকূলের দিকে এগোচ্ছে। বুধবার দুপুরের আগেই অন্ধ্র উপকূলে এর ল্যান্ডফল হবে। সেই সময়ে ওই এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে, এ রকমই সতর্কতা রয়েছে অন্ধ্র ও দক্ষিণ ওডিশা উপকূলে। এই মুহূর্তে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
আর অন্ধ্রে ল্যান্ডফলের পরেই ডানদিকে বাঁক দিতে পারে এই অর্ণব। সেই বাঁক নেওয়ার জন্যই পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে চলেছে। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে পশ্চিম বর্ধমান পর্যন্ত একাধিক জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতা ও শহরতলির যে পূর্বাভাস, তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার, শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিমের উঁচু জায়গা তুষারপাতের সম্ভাবনা আছে। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডেও সতর্কতা রয়েছে।