রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামের তিনটি পরিবারের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চক করিম (তেলিপাড়া) গ্রামের বাসিন্দা বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্ত (২২)-এর বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও তৈরির অভিযোগ ওঠে। এ অভিযোগ ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন গ্রামের তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
জগদিশ চন্দ্র মহন্ত বলেন, মাগরিবের নামাজের পর একদল লোক তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। সে সময় বিদ্যুৎ না থাকায় হামলাকারীদের চিনতে পারেননি তাঁরা।
হামলায় ক্ষতিগ্রস্ত দীনেশ চন্দ্র মহন্ত জানান, সন্ধ্যায় একদল লোক তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তিনটি ছাগলসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
আজকালের খবর/কাওছার আল হাবীব
