The Sangbad · সাধারণ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০০
10/27/2026

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০০ জনে।মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমেনি। এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস না হওয়া এবং সিটি করপোরেশনগুলোর মশক নিধন কার্যক্রমে ঘাটতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে, অনেকে বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।চিকিৎসকরা বলছেন, জ্বরের সঙ্গে শরীর ব্যথা, মাথাব্যথা বা চোখের পেছনে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এডিস মশার প্রজনন রোধে ঘরের ভেতরে ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং নিয়মিত মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
মূল প্রতিবেদনে যান ↗