কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার (২৭) লাশ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর ১০ জনের লাশ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষায় তাদের পরিচয় শনাক্ত হলেও মুক্তার ডিএনএর সঙ্গে কোনো লাশের নমুনার মিল পাওয়া যায়নি। এ কারণে তাকে খুঁজতে নতুন করে যৌথ তল্লাশি শুরু করেছিল পুলিশ ও ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে উখিয়া থানা-পুলিশের একটি দল টুপটুপ রিসোর্টে তল্লাশি চালায়। এ সময় রিসোর্টের ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ ও আশপাশের এলাকা ঘেঁটে স্তূপীকৃত টিনের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর প্রথমে ঘটনাস্থল থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়েছিল। সেই হিসাবে মোট নিখোঁজের তালিকায় ছিলেন ১১ জন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া ১০টি লাশের পরিচয় শনাক্ত করে মঙ্গলবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করে। তবে নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার ডিএনএর সঙ্গে কোনো নমুনার মিল না পাওয়ায় তার সন্ধানে নতুন করে অনুসন্ধান চালিয়ে এই লাশ উদ্ধার করা হয়।
নাসরিন আক্তার মুক্তা ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় অবস্থিত স্বপ্নবিলাস নিরিবিলি স্কুল-এর শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তার স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান মজুমদার বলেন, ‘টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ‘টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছিল। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে।’
