শাদ্রাক এমানুয়েলছবি: সোশ্যাল মিডিয়া
Published on
:
1 min read
ইজ়রায়েলে কর্মরত এক ভারতীয় নাগরিক দেড় মাস ধরে নিখোঁজ। ম্যাঙ্গালুরুর বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্থানীয় পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। ইজ়রায়েলের ভারতীয় দূতাবাসের কাছেও আবেদন করেছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজের নাম শাদ্রাক এমানুভাল। ম্যাঙ্গালুরুর কান্নুরের কোদাক্কালের বাসিন্দা। শাদ্রাকের স্ত্রী ডেইসি জানাচ্ছেন, ১৬ অক্টোবর থেকে তাঁর স্বামীর খোঁজ মিলছে না।
সংবাদমাধ্যম সূত্রের খবর, ২১ অক্টোবর তেল আভিভের ভারতীয় দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন শাদ্রাকের স্ত্রী। তাতে জানানো হয়েছে, চলতি বছরের ১৬ মে ইজ়রায়েলে গিয়েছিলেন শাদ্রাক। সেই সময় থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। কিন্তু ১৬ অক্টোবর রাত ৮টার পর থেকে স্বামীর সঙ্গে আর কোনও যোগাযোগ হচ্ছে না বলে জানিয়েছেন ডেইসি। চিঠিতে তিনি আরও লিখেছেন, শাদ্রাকের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে এবং স্থানীয় ইজ়রায়েলি বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাজ হয়নি। ওঁর নিরাপত্তা নিয়ে তাঁরা অত্যন্ত চিন্তিত।
বছর ৪১-এর শাদ্রাক এমানুভাল ম্যাঙ্গালুরুর একটি রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে ইজ়রায়েলের নাজ়ারাথে একটি চাকরি পেয়েছিলেন। তাঁর স্ত্রীর আর্জি, দ্রুত যেন তাঁর স্বামীকে খুঁজে বের করা হয়। যে সংস্থায় শাদ্রাক কাজ করতে গিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলে কতদিন ধরে অফিস যাচ্ছেন না বা অফিসের তরফে কোনও খোঁজ খবর করা হচ্ছে কিনা, সেই খবর পাওয়ার আর্জি জানিয়েছেন শাদ্রাকের স্ত্রী।