উদিত নারায়ণ আর কুমার শানু মানেই নব্বই দশকের স্মৃতিকাতরতা। সমসাময়িক এই দুই সংগীতশিল্পী শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। সর্বশেষ ২০০৫ সালে ‘নো এন্ট্রি’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘কাহা হো তুম’ গানে একসঙ্গে শোনা গিয়েছিল দুজনের কণ্ঠ। ২১ বছর পর আবার একসঙ্গে গাইলেন তারা। গানের শিরোনাম- ‘সুনিও জারা’। আর সিনেমার নাম- ‘সুরিয়া’। এটি মূলত সানি দেওলের সিনেমা। দিন-ক্ষণ গুনে দেখা গেছে, সানি দেওলের সিনেমার জন্য প্রায় ২৪ বছর পর গেয়েছেন এই জুটি। ২০০২ সালের ‘করজ’ সিনেমার পর সানির সিনেমায় তাদের কণ্ঠ যোগ করতে চলেছে ভিন্নরকম আবহ। উদিত নারায়ণ ও কুমার শানুর গাওয়া নতুন গানটির বিষয়বস্তু- বন্ধুত্ব। আর গানটিতে সুর বসিয়েছেন তরুণ সুরকার রাহী। গানটির কথা লিখেছেন প্রিয় সারাইয়া। তবে গানটিতে শুধু উদিত নারায়ণ আর কুমার শানুই কণ্ঠ দেননি, কণ্ঠ দিয়েছেন আরও একজন শিল্পী- অনুপম আমোদ। জানা গেছে, জি মিউজিক কোম্পানির ব্যানারে ২৬ অক্টোবর টিজার আসার পর ২৭ অক্টোবর গানটির সম্পূর্ণ ট্র্যাক মুক্তি পাবে। নব্বই দশকের শ্রোতাদের পাশাপাশি নতুন প্রজন্মের দর্শক-শ্রোতাও অপেক্ষায় আছেন গানটির জন্য। তাদের বিশ^াস, পুরোপুরি না হলেও একটুকরো নব্বই দশকের স্পর্শ পেতে চলেছেন তারা।
