আজকাল ওয়েবডেস্ক: তমলুক সাংগঠনিক জেলার স্থায়ী দলীয় কার্যালয় নির্মাণের লক্ষ্যে কাকগেছিয়ায় সোমে হল ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান। সোমবার, ২৬ অক্টোবর, স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ১৪৫তম জন্মবার্ষিকীর বিশেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘৃতাহুতি দিয়ে নির্মাণকাজের শুভ সূচনা করেন তিনি।
মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী দেড় বছরের মধ্যে এই কার্যালয় নির্মাণের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, পূর্ব মেদিনীপুর জেলায় এতদিন স্থায়ী দলীয় কার্যালয় ছিল না। এই কার্যালয় নির্মাণের জন্য পূর্বতন সরকারের কাছে আবেদন জানানো হলেও তা অনুমোদন পায়নি বলে তিনি অভিযোগ করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জেলা কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই কার্যালয়ে এসে তিনি নিজেই উদ্বোধন করবেন বলেও জানান।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই কার্যালয় শুধুমাত্র দলীয় কাজকর্মের কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ থাকবে না, এটি জনসাধারণের কার্যালয় হিসেবেও গড়ে তোলা হবে। দলের কর্মীরা এখানে বসে সাংগঠনিক কাজকর্ম করতে পারবেন। পাশাপাশি, পূর্ণ সময়ের কর্মীদের থাকার ব্যবস্থাও রাখা হবে। কার্যালয়ে স্বাধীনতা সংগ্রামীদের ছবি, তাঁদের জীবনী ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার পরিকল্পনা রয়েছে। থাকবে একটি লাইব্রেরিও, যাতে নতুন প্রজন্ম দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারে। কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জন্যও একটি ঘর রাখার কথা জানানো হয়েছে। বক্তব্যে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পূর্বতন সরকার স্বাধীনতা সংগ্রামীদের যথাযথ সম্মান দেয়নি। তিনি আরও জানান, এই ধরনের মোট ১৭টি দলীয় কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের শেষে কর্মী-সমর্থকদের উদ্দেশে সুস্থ ও সাবধানে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক বক্তব্যে ‘আরশোলা-ছারপোকা’ প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত জানান, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ১৪৫তম জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ দিনটিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
