বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে শহর থেকে গ্রাম পর্যন্ত ডিজিটাল সংযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৮০ শতাংশ মোবাইল টাওয়ারকে ফাইবার অপটিক সংযোগের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের জন্য দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ করা সম্ভব হবে।
ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল ব্যবধান কমানো এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এআই ও প্রযুক্তিভিত্তিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা।
The post বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী appeared first on ভোরের চেতনা.
