গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহতাব উদ্দিনের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। আদালতের নির্দেশে গোপালগঞ্জ সদর থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করেছে।
মামলার বাদী মুকসুদপুর উপজেলার ঝটিকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা। প্রায় পাঁচ মাস আগে তিনি চাকরি ছেড়ে দেন। অভিযুক্ত মাহতাব উদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ডুবশি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের পর ওই নারীর সঙ্গে মাহতাব উদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। সেখানে কাউকে না পেয়ে বিয়ের আশ্বাসের ভিত্তিতে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মাহতাব উদ্দিন বলে অভিযোগ করেছেন বাদী।
এজাহারে আরও বলা হয়, পরবর্তী সময়ে ওই নারীর বাবার বাড়িতে গিয়েও একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। গত ২ অক্টোবর বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইলে তিনি সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করেন বলে অভিযোগ করেন ওই নারী। পরে তিনি আদালতে মামলা করেন।
অভিযুক্ত মাহতাব উদ্দিনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি মাহতাব নই। তিনি ফোন রেখে বাইরে গেছেন।’
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
The post গোপালগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মামলা appeared first on ভোরের চেতনা.
