এশিয়া কাপ আর্চারির (স্টেজ-২) কম্পাউন্ড মহিলা এককের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের এই আর্চার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 27 Oct 2026, 05:44 PM
Updated : 27 Oct 2026, 05:44 PM
সেমি-ফাইনালে দেখা হলো দুই সতীর্থের। লড়াইও হলো জমজমাট। শেষ পর্যন্ত কুলছুম আক্তার মনিকে মাত্র এক পয়েন্টের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারির (স্টেজ-২) কম্পাউন্ড নারী এককের ফাইনালে উঠলেন বন্যা আক্তার। কুলছুম এখন খেলবেন ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে।
ইরাকের সুলায়মানিয়াহতে মঙ্গলবার সেমি-ফাইনালে ১৪২-১৪১ পয়েন্টে জেতেন বন্যা। বৃহস্পতিবার তার প্রতিপক্ষ কাজাখস্তানের বুরলেভা মিলানা। আর কুলসুম ব্রোঞ্জের লড়াইয়ে লড়বেন কাজাখস্তানের ঝাকসিলিয়েক আইঝানের বিপক্ষে।
কোয়ালিফিকেশন রাউন্ডে বন্যা ৬৯৬ স্কোর করে কম্পাউন্ড বিভাগে প্রথম হন। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়ার পর শেষ ষোলোয় তিনি ১৪৫-১৩৫ স্কোরে হারান আফগানিস্তানের প্রতিযোগী মোহসেনি সাজেদাহকে।
কোয়ার্টার-ফাইনালে বন্যা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কাজাখস্তানের প্রতিযোগীকে হারান ১৪৩-১৪২ ব্যবধানে। এরপর ‘অল বাংলাদেশ’ সেমি-ফাইনালে তিনি কুলছুমের বিপক্ষে জিতেন মাত্র ১ পয়েন্টে।
